ইতিহাসের খোঁজে

এত দিন শুধু ইতিহাস পড়ে জেনেছেন, কোথায় ছিল বাংলার শেষ স্বাধীন সম্রাট সিরাজউদ্দৌলার আবাস। কোথায় জন্মেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এসব দেখতে এবং পেছনের ইতিহাস জানতে বাংলাদেশের চট্টগ্রাম থেকে ভারতের কলকাতায় ছুটে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একদল শিক্ষার্থী। সঙ্গে ছিলেন ইতিহাসের দুজন শিক্ষক—আনোয়ারুল ইসলাম ও মোহাম্মদ আলী চৌধুরী। আর শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আফসানা লিয়াকত, ফারজানা আক্তার, তারানা সুলতানা, কায়সার হামিদ, শারমিনা কবির, রাফিউল করিম, রৌশনারা আক্তার, রাজশ্রী দাশ, মারজান হোসাইন, সালাউদ্দিন, আবু ফয়েজ, গোলাম সরোয়ার, রিয়াদ পাভেল, আলাউদ্দিন পাটোয়ারী ও মোতাহের হোসেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ দলটি গত ২৮ আগস্ট মৈত্রী ট্রেনে করে কলকাতায় আসে।
এই শিক্ষার্থীরা মুর্শিদাবাদ, মালদহ ও শান্তিনিকেতন ঘুরেফিরে আসেন কলকাতায়। কলকাতায়ই কথা হয় এসব শিক্ষার্থীর সঙ্গে। সবারই এক কথা, আমরা মুগ্ধ, বিমোহিত, এত দিন পাঠ্যপুস্তক থেকে যা পড়েছি, এবার তা সচক্ষে দেখলাম। শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায় তাঁরা পরিদর্শন করেন সিরাজউদ্দৌলার বাড়ি হিরাঝিল, সিরাজউদ্দৌলার কবর, আলীবর্দী খাঁর কবর এবং ঐতিহাসিক পলাশীর প্রান্তর। সবই ছবির মতো মনে হয়েছে তাঁদের কাছে। ভালো লেগেছে হাজারদুয়ারী। হাজারদুয়ারী ইতিহাসকে চিনিয়ে দেয় নতুন করে।
মুর্শিদাবাদ ও মালদহ দেখে শিক্ষার্থীরা চলে যান বীরভূম জেলার শান্তিনিকেতনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গড়া শান্তিনিকেতন দেখে তাঁরা বিমোহিত হয়ে পড়েন। ঘুরে দেখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়সহ কবিগুরুর স্মৃতিবিজড়িত রবীন্দ্র জাদুঘর। এর পর তাঁরা কলকাতায় ফিরে ঘুরে দেখেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিঘেরা বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষ। দেখলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজভবন, রাইটার্স বিল্ডিং, হাওড়া ব্রিজ ইত্যাদি।
পশ্চিমবঙ্গের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন শেষে ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের উদ্দেশ্যে কলকাতা ছাড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ দলটি।