ইনটেল আইভিব্রিজ উন্মুক্ত
জনপ্রিয় স্যান্ডিব্রিজ প্রসেসরের পর সম্প্রতি চিপ নির্মাতা ইনটেল ‘আইভিব্রিজ’ নামে আরও একটি নতুন প্রসেসরের সঙ্গে প্রযুক্তি বিশ্বকে পরিচয় করিয়ে দিল। ইনটেল কর্তৃপক্ষের বরাতে এক খবরে বিবিসি জানিয়েছে, নতুন এই প্রসেসরটি পরবর্তী প্রজন্মের মাইক্রোপ্রসেসর, কারণ এতে রয়েছে থ্রিডি ট্রানজিস্টর। ইনটেল জানিয়েছে, মাত্রই ২২ ন্যানোমিটার আকারের ইনটেলের এই প্রসেসরটি কম শক্তি ব্যবহার করে দ্রুত ডেটা প্রোসেস করতে সক্ষম।ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন ডেস্ক টপ উপযোগী ১৩টি কোয়াড কোর প্রসেসর বাজারে ছাড়া হচ্ছে; পরবর্তীকালে পাতলা ল্যাপটপ বা আল্ট্রাবুকের জন্য আলাদাভাবে ডুয়াল কোরের আইভি ব্রিজ প্রসেসর বাজারে ছাড়া হবে। ২২ ন্যানোমিটার মাইক্রোপ্রসেসরের এই আইভিব্রিজ প্রসেসরটিতে ব্যবহূত থ্রিডি ট্রানজিস্টরগুলো বর্তমানে বাজারে থাকা ৩২ ন্যানোমিটার প্রসেসরের চেয়েও আরও ঘনভাবে বসানো থাকবে।ইনটেলের কম্পিউটার ব্যবসা প্রধান কার্ক স্কোয়াজেন জানিয়েছেন, আইভি মাইক্রোপ্রসেসরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ট্রাই-গেট সিস্টেম, যা অল্প পরিসরে দ্রুত কাজ করতে পারে। এটিকে বলা হচ্ছে ‘থ্রিডি’ প্রসেসর।উল্লেখ্য, ১ ন্যানোমিটার হচ্ছে ১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ। মানুষের একটি চুলের প্রস্থ হয় ৬০ হাজার ন্যানোমিটার।ইনটেল ২০১৩ সাল নাগাদ ১৪ ন্যানোমিটার ও ২০১৫ সাল নাগাদ ১০ ন্যানোমিটারের প্রসেসর বাজারে আনার পরিকল্পনা করেছে।