ইনটেল প্রসেসরযুক্ত প্রথম স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল সম্প্রতি মোবাইলের জন্যও চিপ তৈরি করতে শুরু করেছে। ইনটেলের প্রধান নির্বাহী পল ওটেলিনির বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ইনটেলের তৈরি জেড২৪৬০ অ্যাটম প্রসেসরনির্ভর প্রথম স্মার্টফোনটি এ মাসেই বাজারে আসছে। ‘জলো এক্স ৯০০’ নামের স্মার্টফোনটি তৈরি করেছে ভারতের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান লাভা। ইনটেল জেড২৪৬০ অ্যাটম প্রসেসরযুক্ত ৪.০৩ ইঞ্চি মাপের স্মার্টফোনটিতে থাকছে ১ গিগাবাইট র্যাম, ফ্ল্যাশসহ পেছনের দিকে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, সামনের দিকে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ১৬ গিগাবাইট ফ্ল্যাশ মেমোরি সুবিধা। স্মার্টফোনটি জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমে চলবে। তবে পরবর্তী সময়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচে আপগ্রেড করা যাবে। অবশ্য এ মোবাইলের দাম কত হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠানটি।এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, লাভা ছাড়াও ইনটেলের প্রসেসরযুক্ত স্মার্টফোন তৈরিতে কাজ করছে লেনোভো, অরেঞ্জ, মটোরোলার মতো মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ বছরই ইনটেলের প্রসেসরযুক্ত লেনোভো ‘কে ৮০০’ স্মার্টফোনটি বাজারে আসতে পারে।কম্পিউটারের চিপ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ইনটেল বিখ্যাত হলেও স্মার্টফোনের চিপ তৈরির ক্ষেত্রে নতুন। এ বছরের শুরুর দিকে স্মার্টফোনের চিপ তৈরির প্রতি আগ্রহ দেখিয়েছিল প্রতিষ্ঠানটি।