ইনটেলের নতুন প্রসেসর স্কাইলেক

পঞ্চম প্রজন্মের চেয়ে ৬০ শতাংশ দ্রুত ও কম বিদ্যুৎ খরচ করে এমন প্রসেসর বাজারে আনছে শীর্ষ মাইক্রোপ্রসেসর নির্মাতা ইনটেল করপোরেশন। ষষ্ঠ প্রজন্মের এই প্রসেসরের নাম রাখা হয়েছে স্কাইলেক। স্পিড শিফট প্রযুক্তির এই প্রসেসর উন্নত মানের ছবি ও কাজের গতি বাড়ানোর পাশাপাশি বাড়াবে ব্যাটারির আয়ু। জার্মানির বার্লিনে আগামীকাল থেকে অনুষ্ঠেয় আইএফএ প্রযুক্তি মেলায় স্কাইলেক উন্মোচন করা হবে।
কম্পিউটার ব্যবহারকারীরা উন্নত মানের ভিডিও, গেমস এবং তারহীন প্রযুক্তি ব্যবহার করছেন বেশি। স্কাইলেক সিরিজের প্রসেসরগুলো তৈরিতে এই দিকগুলো মাথায় রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির জন্য নতুন প্রজন্মের প্রসেসর বিক্রি করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন অনেক বাজার বিশ্লেষক। কারণ হিসেবে তাঁরা বলছেন, মানুষ তখনই নতুন কম্পিউটার কেনে যখন তারা নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারে আগ্রহী হয়। এদিকে মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ চালাতে আগের প্রসেসরগুলোই যথেষ্ট। একই সঙ্গে উইন্ডোজ ৭ ও ৮ থেকে বিনা মূল্যে উন্নীত করার সুযোগ থাকায় নতুন কম্পিউটারের প্রয়োজন পড়বে না।

তবে ইনটেল বলছে, চার বছর বা তার চেয়ে পুরোনো এমন ৫০ কোটি কম্পিউটার বাজারে আছে, যেগুলোর মালিকেরা নতুন কম্পিউটার কেনায় আগ্রহী হবে। প্রযুক্তি শিল্প গবেষক জ্যাক গোল্ডের মতে, কম বিদ্যুতে চলায় ব্যাটারিতে ল্যাপটপ কম্পিউটার চলবে দীর্ঘক্ষণ। ফলে যারা উইন্ডোজ ১০-এ উন্নীত করতে চান তাঁরা নতুন এই প্রসেসরের কম্পিউটার কিনবে।
ফোরকে প্রযুক্তির ভিডিও চালানোর জন্য স্কাইলেক উপযুক্ত উল্লেখ করে ইন্টেলের করপোরেট ভাইস প্রেসিডেন্ট গ্রেগরি ব্রায়ান্ট বলেন, ‘কয়েক বছর ধরে ছবির মান উন্নয়নে কাজ করে যাচ্ছি আমরা। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের প্রসেসরগুলোতে সাধারণত ৪০ শতাংশ গ্রাফিকস উন্নয়ন করা হয়।’
বিবিসি অবলম্বনে মেহেদী হাসান