ইনটেলের প্রসেসরচালিত স্মার্টফোন আনছে এসমোবাইল

ইনটেলের সোফিয়া প্রসেসরচালিত চারটি মডেলের নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে ইনটেল ইএম লিমিটেড (ঢাকা অফিস) ও এসমোবাইল।
আজ ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ইনটেলের ইন্টেল অ্যাটম এক্স ৩ (সোফিয়া) প্রসেসরনির্ভর এই স্মার্টফোনগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
নতুন স্মার্টফোন ঘোষণার অনুষ্ঠানে ইনটেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর, ব্যবসা ব্যবস্থাপক নাভিদ সিরাজ, এস মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন ইন কুন, ব্যবস্থাপনা পরিচালক জাং লিজি, মহাব্যবস্থাপক মনির হোসেনসহ ইনটেল ও এসমোবাইলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের বাজারে বেশ আগে থেকেই ফিচারফোন বিক্রি করছে এসমোবাইল। এই প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও ইনটেলের প্রসেসরচালিত স্মার্টফোন আনার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে জিয়া মনজুর বলেন, ইনটেল আগে থেকেই গ্রাহকদের নানা ভাবে সেরা সেবা দিয়ে আসছে। আশা করছি, ইনটেলচালিত স্মার্টফোনগুলোও গ্রাহকদের পছন্দ হবে।
লিন ইন কুন বলেন, প্রথমবারের মতো ইন্টেল প্রসেসরে তৈরি এসমোবাইল ব্র্যান্ডের স্মার্টফোনগুলো বাজারে আসছে। ইনটেলের সঙ্গে যৌথভাবে এই ফোন বাজারে আনা হচ্ছে।
নতুন চারটি মডেলের স্মার্টফোনগুলো হচ্ছে টি ৫১, টি ৫২, এস ৮৫১৮ এবং আই ৪০০১। এ মাসের শেষ নাগাদ এই ফোন বাজারে পাওয়া যাবে। দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।