ইনটেলের প্রসেসরে গ্যালাক্সি ট্যাব ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের ট্যাব ৩ মডেলে ব্যবহূত হতে পারে ইনটেলের তৈরি ক্লোভার ট্রেইল নামের অ্যাটম চিপ। সম্প্রতি স্যামসাং ও ইনটেল চিপসংক্রান্ত একটি চুক্তি করেছে। এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট।চলতি বছরের শুরুতেই ক্লোভার ট্রেইল চিপ বাজারে আনার ঘোষণা দিয়েছিল ইনটেল। ওই সময় ইনটেল জানিয়েছিল, ক্লোভার ট্রেইল মূলত কম শক্তির উইন্ডোজ ৮ নির্ভর ট্যাবলেট ও ল্যাপটপে ব্যবহূত হবে। তবে স্যামসাংয়ের সঙ্গে বর্তমান চুক্তির ফলে অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাবলেটেও ক্লোভার ট্রেইল ব্যবহারের সুবিধা যুক্ত করছে ইনটেল।সম্প্রতি টেলিগ্রাফ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ছোট ট্যাবপ্রেমী ও আগ্রহীদের জন্য সাত ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েডনির্ভর গ্যালাক্সি ট্যাব ৩ বাজারে আনতে পারে স্যামসাং। ট্যাব ৩-এর একটি ১০ ইঞ্চির মডেলও বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠান। এ ট্যাব দুটিতেই ইনটেলের তৈরি চিপ ব্যবহূত হতে পারে।

যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, সাত ইঞ্চি মাপের এই ট্যাবলেট সাশ্রয়ী দামে বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড জেলি বিন-নির্ভর ট্যাবলেটটিতে ‘ভিডিও কল’ করার সুবিধা থাকবে। এ ছাড়া ওয়াই-ফাই, উন্নত প্রসেসর ও উন্নত ডিসপ্লে যুক্ত করছে স্যামসাং।

বাজার গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে বাজারে ভিডিও কল করার সুবিধাযুক্ত পণ্যের চাহিদা বাড়ছে। ট্যাবলেট ও স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠানগুলো ভোক্তাদের এই চাহিদার প্রতি খেয়াল রেখেই পণ্য তৈরি করছে। স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব ২-এর উন্নত সংস্করণ হচ্ছে সাত ইঞ্চির ট্যাব ৩। বর্তমানে বাজারে ট্যাব ৩-এর মূল প্রতিদ্বন্দ্বী হবে নেক্সাস ৭ ট্যাবলেটটি। তবে স্যামসাংয়ের লক্ষ্য অ্যাপলের জনপ্রিয় ট্যাবলেট আইপ্যাডকে ছাড়িয়ে যাওয়া।

এদিকে কম্পিউটারের পাশাপাশি মোবাইল চিপের বাজারেও দখল নিতে কাজ চালিয়ে যাচ্ছে ইনটেল। ট্যাবলেট ও কম্পিউটারের জন্য ‘হ্যাসওয়েল’ প্রসেসর বাজারে আনার ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।