ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির আয়োজনে গত শুক্রবার দেশের পাঁচটি শহরে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবারের অলিম্পিয়াড রাজধানী ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রাজশাহীতে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে। দুপুর আড়াইটায় শুরু হয়ে এ অলিম্পিয়াড শেষ হয় বিকেল সাড়ে পাঁচটায়। ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের (সিএসই) অধ্যাপক লুত্ফুর রহমান, বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, শিক্ষক তানায়েম মো. মুসাসহ পূর্বে অনুষ্ঠিত ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারী আবিরুল ইসলাম, মাহমুবুল হাসান, শাহরিয়ার রউফসহ অনেকে। বিভাগীয় প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জন শিক্ষার্থী ২৭ মার্চ শনিবার রাজধানীর আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী আয়োজিত জাতীয় ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। জাতীয় উৎসবের মাধ্যমে নির্বাচিত দলটি আগামী ১৪ থেকে ২১ আগস্ট কানাডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ বুলগেরিয়া, মেক্সিকো, ক্রোয়েশিয়া ও মিসরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে। —নুরুন্নবী হাছিব