ইনফো-সরকার প্রকল্পে অনিয়ম হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনফো-সরকার প্রকল্পের তৃতীয় পর্যায়ে অনিয়ম হচ্ছে বলে দাবি করেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) নেতারা। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম সংবাদ সম্মেলনে বলেন, নিয়মবহির্ভূতভাবে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দেওয়ার কার্যাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) বদলে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ককে (এনটিটিএন) দেওয়ার প্রস্তাবেই মারাত্মক ঝুঁকিতে পড়তে যাচ্ছে এ খাত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রকল্পের আওতায় দেশের ২ হাজার ৬০০ ইউনিয়নে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু গ্রাহকের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার কাজটি আইএসপির বদলে এনটিটিএনকে দিয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কাজটি করাচ্ছে। এ ক্ষেত্রে নীতিমালা মানা হচ্ছে না বলে উল্লেখ করা হয়।

কারণ হিসেবে বলা হয়, গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার এখতিয়ার নেই এনটিটিএন প্রতিষ্ঠানগুলোর। এ ছাড়া একনেকের সিদ্ধান্ত অমান্য করে আটটি পর্যায়ের দরপত্রকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে বিসিসি।

আইএসপিএবি নেতারা বলেন, মাত্র দুটি প্রতিষ্ঠানই দরপত্রে অংশে নেয়। এনটিটিএন লাইসেন্সধারী দেশে আরও তিনটি সরকারি প্রতিষ্ঠান থাকলেও তারা এই দরপত্রে অংশ নেয়নি, যা বেশ প্রশ্নবিদ্ধ।

প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে সাড়ে ছয় বছর থেকে সাড়ে সাত বছরের মধ্যে। কিন্তু প্রতিষ্ঠানগুলোকে বিসিসি কীভাবে ২০ বছরের কার্যাদেশ দেওয়ার সুপারিশ করেছে, তা নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন আইএসপিএবির নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবির সাবেক সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু, সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ সুব্রত সরকার, পরিচালক মো. কামাল হোসেন, খন্দকার মুহাম্মদ আরিফসহ অনেকে। অনিয়ম বন্ধ করতে তাঁরা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

 বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বক্তব্য

ইনফো সরকার (তৃতীয় পর্যায়) প্রকল্প নিয়ে আইএসপিএবির সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ নিয়ে গতকাল বিকেলে সংবাদমাধ্যমে বক্তব্য পাঠিয়েছে বিসিসি। এই প্রকল্পে কোনো অনিয়ম হয়নি বলে বিসিসির বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরের সই করা এই বক্তব্যে বলা হয়েছে, ইনফো সরকার (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় দেশে ২ হাজার ৬০০ ইউনিয়নে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। এ লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি অনুসরণ করে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে অপটিক্যাল ফাইবার কেব্‌ল স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। বর্তমানে থাকা এনটিটিএনদের বিদ্যমান নেটওয়ার্কের ওপর ভিত্তি করে কাজের সুবিধার জন্য কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আটটি প্যাকেজকে দুটি প্যাকেজে রূপান্তর করা হয়। এ রূপান্তরে নিয়মের কোনো ব্যত্যয় করা হয়নি। পরবর্তী সময়ে ডিপিপি সংশোধন করার সময় এটি অন্তর্ভুক্ত করা হবে।

বিসিসির বক্তব্যে আরও বলা হয়েছে, নিয়ম অনুযায়ী এনটিটিএন প্রতিষ্ঠান আইএসপির কাছে ব্যান্ডউইটথ বিক্রি করে থাকে এবং আইএসপি গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সংযোগ দেয়। ইনফো সরকার প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা দেওয়া ক্ষেত্রেও এ নিয়ম অনুসরণ করা হবে। এনটিটিএন নেটওয়ার্ক সম্প্রসারণ করবে আর গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদান করবে আইএসপি।

এনটিটিএন প্রতিষ্ঠান দুটি ২০ বছর অপটিক্যাল ফাইবার কেব্‌ল রক্ষণাবেক্ষণ, মেরামত, উন্নয়নসহ অন্যান্য সেবা দেওয়ার প্রস্তাব করেছে। পরবর্তী সময়ে সব বিধান মেনে সরকারের নির্ধারিত মূল্যে এই দুটি প্রতিষ্ঠান আইএসপিদের কাছে ব্যান্ডউইটথ বিক্রি করবে।

এস এম নজিবুল্লাহ চৌধুরী