ইনফোসিসে পালাবদল!
ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান ইনফোসিসের নেতৃত্বে এবার পরিবর্তন আসছে। পালাবদল হচ্ছে শীর্ষ কর্মকর্তাদের। গত শনিবার পরিচালনা পর্ষদের সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বয়সের কারণে দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন। এই পদে আসছেন ইনফোসিসের অপর অংশীদার কে ভি কামাত। কামাত এত দিন ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ওই ব্যাংককে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের আসনে বসিয়েছেন। এবার তিনি হচ্ছেন ইনফোসিসের নতুন চেয়ারম্যান। তবে ইনফোসিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এন আর নারায়ণমূর্তির অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য তাঁকে ওই সংস্থার আজীবন ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নারায়ণমূর্তির বয়স এখন প্রায় ৬৫ বছর। একই সঙ্গে সংস্থার মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন এস ডি শিবুলাল। আর নির্বাহী কো-চেয়ারম্যান হিসেবে থাকবেন ক্রিস গোপালকৃষ্ণন।এন আর নারায়ণমূর্তি ১৯৮১ সালে সাতজন উদ্যোগী নিয়ে মাত্র ১০ হাজার রুপি মূলধন দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন ‘ইনফোসিস কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড’। আগামী আগস্ট মাসে কর্মকর্তারা নতুন দায়িত্ব নেবেন। —অমর সাহা, কলকাতা