ইনস্টাগ্রাম কেন ব্যবহারকারীর বয়স জানতে চাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মতারিখ উল্লেখ করে তবেই ইনস্টাগ্রাম ব্যবহার করতে হবে বলে ঘোষণা দিয়েছে মূল প্রতিষ্ঠান ফেসবুক
ফেসবুক

জন্মতারিখ উল্লেখ করে তবেই ইনস্টাগ্রাম ব্যবহার করতে হবে। ১৮ বছরের কম বয়সীদের জন্য নিরাপদ প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টার অংশ হিসেবে গত ৩০ আগস্ট এমন ঘোষণা দিয়েছে মূল প্রতিষ্ঠান ফেসবুক।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বয়স অনুযায়ী অনলাইনে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে আজ থেকে নতুন আইন চালুর কথা যুক্তরাজ্যে। ফেসবুকের ঘোষণাটি তার ঠিক দুই দিন আগে এসেছে। যুক্তরাজ্যের সে আইন অনুযায়ী ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোকে শিশু ব্যবহারকারীদের শনাক্ত করতে হবে এবং তাদের তথ্যের সুরক্ষায় নিরাপত্তামূলক বিশেষ ব্যবস্থা নিতে হবে। সে সঙ্গে শিশুদের মঙ্গল নিশ্চিতে জোর দিতে হবে।

নিবন্ধনের সময় ইনস্টাগ্রামে জন্মতারিখ উল্লেখ করার নিয়ম চালু হয় ২০১৯ সালে। তবে এই প্রথম ব্যবহারকারীদেরও জন্মতারিখ উল্লেখ করতে বলবে প্ল্যাটফর্মটি। কেউ যদি সেটি এড়িয়ে যায় তবে আপাতত সংবেদনশীল হিসেবে চিহ্নিত পোস্টগুলো সে ব্যবহারকারীর জন্য ঝাপসা করে দেওয়া হবে। পরবর্তী সময়ে অ্যাপ ব্যবহার বন্ধ করে দেওয়া হবে ওই ব্যবহারকারীদের জন্য।

তরুণদের জন্য নতুন নিরাপত্তা সুবিধা তৈরিতে জন্মতারিখের মতো তথ্য ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম
ফেসবুক

এক বিবৃতিতে ইনস্টাগ্রামের পক্ষ থেকে বলা হয়, এই তথ্য তরুণদের জন্য নতুন নিরাপত্তা সুবিধা তৈরিতে এবং বয়স অনুযায়ী ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের সঠিক অভিজ্ঞতা নিশ্চিতে সাহায্য করবে।

কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তায় ইনস্টাগ্রামের সাম্প্রতিক উদ্যোগগুলোর মধ্যে আছে প্রাপ্তবয়স্ক কেউ ১৮-এর কম বয়সী কাউকে বার্তা পাঠাতে চাইলে তাঁকে অনুসরণ করতে হবে। তা ছাড়া ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে ‘প্রাইভেট’ মোডে থাকবে। বিগত মাসগুলোতে টিকটক, গুগলসহ বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তায় উদ্যোগ নিয়েছে।

জন্মতারিখ না দিলে সংবেদনশীল হিসেবে চিহ্নিত ছবিগুলো ঢেকে দেবে ইনস্টাগ্রাম
ফেসবুক

ব্যবহারকারীর উল্লেখ করা জন্মতারিখ ঠিক নাকি ভুল, তা যাচাইয়ের ব্যবস্থা এখনো ইনস্টাগ্রামে নেই। জন্মসনদ বা এমন কোনো প্রমাণও চাওয়া হয় না নিবন্ধনের সময়। তবে মিথ্যা তথ্য দিলে বেশ কিছু কৌশলের মাধ্যমে তা শনাক্তের চেষ্টা করে থাকে প্ল্যাটফর্মটি। সেই কৌশল কী, তা গোপন রেখেছে ইনস্টাগ্রাম। দ্য গার্ডিয়ান অবশ্য লিখেছে, ওই ব্যবহারকারীর বন্ধু বা অনুসারী তালিকা এ ক্ষেত্রে কাজে লাগানো হয়ে থাকতে পারে।

বৈধ পরিচয়পত্র স্ক্যান করে সরকারি ডেটাবেইস থেকে তথ্য সংগ্রহ ব্যবহারকারীর বয়স যাচাইয়ের সম্ভাব্য সমাধান হতে পারে। তা ছাড়া অনেক প্রতিষ্ঠান এখন ছবি বিশ্লেষণ করে বয়স অনুমানের প্রযুক্তি সরবরাহ করে থাকে।