ইনস্টাগ্রামে একসঙ্গে একাধিক ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুদের সঙ্গে আপনার অনুভূতি যাতে পরিপূর্ণভাবে ভাগাভাগি করে নিতে পারেন, সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন সুবিধা যোগ করা হয়েছে। যার মাধ্যমে একসঙ্গে ১০টি ছবি বা ভিডিও ভাগাভাগি করতে পারবেন। যেখানে আপনার বন্ধুরা একটির পর একটি করে ছবি বা ভিডিওগুলো দেখতে পারবেন। নতুন এই সুবিধাকে ইনস্টাগ্রাম অ্যালবাম বলা যেতে পারে। তবে এটি স্নাপচ্যাটের স্টোরি সুবিধা থেকে আলাদা। ইনস্টাগ্রামের নতুন এই সুবিধাটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সারা বিশ্বে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করা হবে।
নতুন সুবিধা সম্পর্কে ইনস্টাগ্রাম বলেছে, এখন আর নির্দিষ্ট একটি ছবি বাছাই করতে হবে না। আপনার বিশেষ মুহূর্তের বেশ কয়েকটি ছবি বা ভিডিও একত্রে শেয়ার করতে পারবেন। যা নিশ্চয়ই ইনস্টাগ্রামের মাসিক ৬০ কোটি ব্যবহারকারীকে সন্তুষ্ট করতে পারবে।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা যখন তাঁদের নিউজফিডে যাবেন, পোস্ট করার জন্য একটি বোতাম দেখতে পারবেন। যেখান থেকে একাধিক ছবি নির্বাচন করা যাবে। ব্যবহারকারীরা আলাদাভাবে ১০টি ছবি ও ভিডিও সম্পাদনা করতে পারবেন অথবা একটি ফিল্টার দিয়েও সবগুলো ছবি ও ভিডিও একসঙ্গে সম্পাদনা করতে পারবেন। এ ছাড়া ছবি ও ভিডিওগুলোর ক্রমবিন্যাস পরিবর্তন এবং বন্ধুদের আলাদাভাবে ট্যাগ করতে পারবেন। সম্পূর্ণ পোস্টে একটি শিরোনাম ও অবস্থান দেওয়া যাবে, পাশাপাশি লাইক ও কমেন্টও করা যাবে।
যখন পোস্টটি ফিডে শেয়ার করা হবে তখন বন্ধুরা পোস্টে কয়েকটি নীল বিন্দু দেখতে পাবেন, এ থেকেই বোঝা যাবে এটি একটি ক্যারোসেল পোস্ট। তখন বন্ধুরা সামনে-পেছনে সরিয়ে ছবি ও ভিডিওগুলো দেখতে পারবেন।
ইনস্টাগ্রাম প্রথম ক্যারোসেল পোস্ট চালু করে ২০১৫ সালে। তখন শুধু ছবি যুক্ত করা যেত। ২০১৬ সালে ভিডিও সুবিধা যুক্ত করে ইনস্টাগ্রাম। কিন্তু তখন শুধু ৫টি ছবি বা ভিডিও যুক্ত করা যেত, এখন ১০টি করা যায়।
ইনস্টাগ্রামের নতুন এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী গল্প না বলেও ব্যবহারকারীদের কাছে বিশেষ মুহূর্তগুলোর গল্প পৌঁছে দিতে পারবেন। যা হয়তো স্নাপচ্যাট ব্যবহার না করার একটি বড় কারণ হতে পারে।
সূত্র: টেকক্রাঞ্চ