ইনস্টাগ্রামে যোগ হলো ইমোজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ছবি আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামে এবার পাওয়া যাবে ইমোজি ব্যবহারের সুবিধা। ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামের মাসিক ব্যবহারকারীর সংখ্যা এখন ৩০ কোটির বেশি।
ইমোজি যুক্ত হওয়ার ফলে বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা লেখা, হ্যাশট্যাগের পাশাপাশি পছন্দসই ইমোজি ব্যবহারের সুযোগ পাবেন। সাধারণত বিভিন্ন ধরনের মজার ছোট আকারের ছবি ও চরিত্রের এক সংমিশ্রণ হচ্ছে ইমোজি। এতে বিভিন্ন অক্ষর ব্যবহার করে ছোট কিন্তু মজার ছবি পাওয়া যায়। ইনস্টাগ্রামে ইমোজি ব্যবহারই নয়, ইমোজি দিয়ে ছবিও খোঁজা যাবে। শুধু লেখাই নয়, ইমোজিতে যুক্ত করা যাবে হ্যাশট্যাগ। ফলে হ্যাশট্যাগযুক্ত লেখা কিংবা ইমোজি—দুটি ব্যবহার করেই ছবি খোঁজা যাবে ইনস্টাগ্রামে।
ইমোজি চালুর বিষয়ে ইনস্টাগ্রামের একজন মুখপাত্র জানান, কয়েক বছর ধরেই লেখার পাশাপাশি বিভিন্ন ভাষার সঙ্গে ইমোজি ব্যবহার চলছে। পাশাপাশি ইনস্টাগ্রামের অর্ধেকের বেশি ব্যবহারকারী নিয়মিত ছবির সঙ্গে ইমোজি ব্যবহার করছেন। সেই সুবিধাকে আরও সহজ করে সার্চ সুবিধা যুক্ত করে এবার ইনস্টাগ্রামেই ইমোজি ব্যবহার সুবিধা চালু করা হলো।

শুরুতে জাপানের খুদে বার্তায় ব্যবহারের জন্য চালু হয় ইমোজি। তবে এর পরেই খুদে বার্তার পাশাপাশি টুইটার, ফেসবুকের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে নানা রঙের ইমোজি।
বর্তমানে আইওএস, অ্যান্ড্রয়েডসহ বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর জন্য প্রায় ৩০০-এর বেশি ইমোজি রয়েছে। শুরুতে একধরনের ইমোজি থাকলেও বর্তমানে বিভিন্ন মুখ, চরিত্র, হাত কিংবা দেহের বিভিন্ন অংশের ছবিও ইমোজি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
দি টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম