ইনোভেশন ফান্ডের টাকা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার ইনোভেশন ফান্ড ও বৃত্তিপ্রাপ্তদের চেক হস্তান্তর করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার ইনোভেশন ফান্ড ও বৃত্তিপ্রাপ্তদের চেক হস্তান্তর করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

গবেষণা ও উদ্ভাবনের জন্য ভবিষ্যতে সরকারি ইনোভেশন ফান্ডের টাকা ২০ লাখের চেয়ে বেশি হবে। এখন উদ্ভাবনী কাজের অনুদান উদ্ভাবক বা উদ্ভাবনী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হয়। আজ মঙ্গলবার এক লিখিত বক্তব্যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এ তথ্য জানান।
আইসিটি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষায় অধ্যয়নের জন্য বৃত্তি হিসেবে ২০১৪-১৫ অর্থ বছরে তারা এক কোটি ৯৮ লাখ ৪৭ হাজার টাকা অনুদান দিয়েছে। উদ্ভাবনী প্রকল্পে এই অর্থবছরে ১০ ব্যক্তি, ১৭ প্রতিষ্ঠানকে এক কোটি ৫৭ লাখ ৭৩ হাজার টাকা অনুদান দিয়েছে।
২০১৩-১৪ অর্থবছর থেকে চালু হওয়া এই ইনোভেশন ফান্ডের অধীনে বছরে তিনবার উদ্ভাবনী কাজের জন্য অনুদান এবং উচ্চ শিক্ষায় অধ্যয়নের জন্য ফেলোশিপ/বৃত্তি দিচ্ছে আইসিটি মন্ত্রণালয়। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বা তাদের উদ্ভাবনী কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য ইনোভেশন ফান্ডে আবেদন করতে পারে। পাশাপাশি মাস্টার্স, এম. ফিল ও ডক্টরাল ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উচ্চ শিক্ষা এগিয়ে নিতে ফেলোশিপ/বৃত্তির আবেদন করতে পারে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া থাকে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে ইনোভেশন ফান্ডের আওতায় উদ্ভাবনী কাজের জন্য অনুদান এবং উচ্চ শিক্ষায় অধ্যয়নের জন্য ফেলোশিপ/বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
জুনাইদ আহমেদের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের মধ্যে নতুন এক হাজার উদ্ভাবনকে টার্গেট করে এগিয়ে যাচ্ছে সরকার। বর্তমানে যে ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয় তা যথেষ্ট নয়। ভবিষ্যতে এই ফান্ডের সীমা বাড়াতে কাজ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইনোভেশন ফান্ডের উপদেষ্টা অধ্যাপক ড. কায়কোবাদ বলেন, সম্পদের সুষম ব্যবহার করে এবং নতুন নতুন উদ্ভাবনে গুরুত্ব দিয়ে আজ বিশ্ব অর্থনীতিতে অন্যতম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জাপান। আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘নতুন নতুন উদ্ভাবন বিদ্যমান ব্যবস্থার উন্নতি করতে পারে। জাতির আর্থিক সমৃদ্ধি এবং উন্নয়ন নির্ভর করে উদ্ভাবনের ওপর। আমাদের উদ্ভাবনে বেশি গুরুত্ব দিতে হবে।’