ইন্টারনেট এক্সপ্লোরারে ত্রুটি!
ওয়েবসাইট দেখার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরারে যে ত্রুটি দেখা দিয়েছে তা ঠিক করার জন্য অস্থায়ীভাবে একটি সফটওয়্যার তৈরি করেছে শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন। এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ইন্টারনেট এক্সপ্লোরারে পয়জন আইভি নামের একটি ভাইরাস ছড়িয়ে দিয়েছে। এর ফলে কয়েক শ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভাইরাস কম্পিউটার ব্যবহারকারীর বিভিন্ন ফাইল থেকে তথ্য চুরি করে নেয়। লুক্সেমবার্গভিত্তিক নিরাপত্তা বিশেষজ্ঞ এরিক রোমাং প্রথম ইন্টারনেট এক্সপ্লোরারের ত্রুটিটি চিহ্নিত করেন। গত সপ্তাহে তাঁর পারসোন্যাল কম্পিউটার পয়জন আইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি বিষয়টি মাইক্রোসফট কর্তৃপক্ষকে জানান। তাদের ব্রাউজারে ত্রুটি দেখা দিয়েছে—এই বিষয়টি জানার পর মাইক্রোসফট খুব দ্রুত পদক্ষেপ নেয়। তাৎক্ষণিকভাবে তৈরি করে একটি অস্থায়ী সফটওয়্যার। ব্লগে পোস্ট করা একটি বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা খুব দ্রুত কাজ করছে। মাইক্রোসফট তার ব্যবহারকারীদের বিনা মূল্যের এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য অনুরোধ করছে। তবে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সফটওয়্যার ডাউনলোড করা সহজ হবে না। ফলে তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিছু বিশেষজ্ঞ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের বিকল্প ব্রাউজার, যেমন গুগলের ক্রোম বা মজিলা ফায়ারফক্স ব্যবহারের পরামর্শ দিয়েছেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান