ইন্টারনেট এখন মানুষের মৌলিক অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেটকে স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি। মতপ্রকাশের স্বাধীনতা অক্ষণ্ন রেখে অনলাইন ওয়েব পোর্টালের নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। গত রোববার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) ‘বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স-২০১৬’ শীর্ষক এক সভায় বক্তারা এমন মত দেন। এ সভার আয়োজন করেছিল বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ)।
সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেটকে স্বীকৃতি দিতে সরকারকে অনুরোধ করব। সাইবার অপরাধ প্রতিহত করতে আইনি ও প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে সমান্তরালে কাজ করে যেতে হবে। ইন্টারনেটকে সঠিকভাবে কাজে লাগাতে হলে টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, তথ্য মন্ত্রণালয়, ডাক বিভাগ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) একযোগে কাজ করতে হবে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান আকরাম এইচ চৌধুরীর সঞ্চালনায় সভায় মতামত দেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম, টেলিযোগাযোগ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী খান মোহাম্মদ কায়সার, বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের চেয়ারম্যান সুমন আহমেদ, ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ, বিআইজিএফের মহাসচিব মোহাম্মদ আবদুল হক, বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মেহেদী হাসান, বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক এম সোহেল রহমানসহ অনেকে।
দেশি প্রতিষ্ঠান ইন্টারনেটভিত্তিক টিভি (আইপিটিভি) পরিচালনা করতে পারে, সে ব্যাপারে অনুমোদন দেওয়ার দাবি জানান কয়েকজন বক্তা। সভায় অংশগ্রহণকারীরা মনে করেন সঠিকভাবে ইন্টারনেট ব্যবস্থাপনা করতে হলে দরকারি নীতিমালা, জবাবদিহি ও স্বচ্ছতা প্রয়োজন। এই সভা আয়োজনে সহযোগিতা করে আইএসপিএবি, বিএনএনআরসি এবং অংশীদার মসিক কম্পিউটার জগৎ ও পৃষ্ঠপোষক ছিল গিগাবাইট।