ইন্টারনেট গভর্নেন্স ফোরামের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম কমালেও সাধারণ মানুষ এ সুবিধা পায় না। ইন্টারনেটে আমাদের বাংলা বিষয়বস্তুর (কনটেন্ট) অভাব প্রকট। কনটেন্ট দিতে না পারলে ইন্টারনেট আসলে সাধারণ মানুষের কাছে যাবে না। কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠেয় ষষ্ঠ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম সভার (আইজিএফ) প্রাক্কালে গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন। খবর বিজ্ঞপ্তির।বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম আয়োজিত এ সভার প্রধান অতিথি হাসানুল হক ইনু আরও বলেন, আইজিএফের সম্মেলনে বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক অংশগ্রহণ নেই। সরকারের ভেতরে একটি অ্যান্টি-ডিজিটাল প্রশাসন আছে, তাদের কারণে এসব কার্যক্রম অনেক সময় বাধাগ্রস্ত হচ্ছে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ। সাংসদ ও সেন্টার ফর ই-পার্লামেন্ট রিসার্চের চেয়ারম্যান আকরাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মাহফুজ আশরাফ, বিসিসির জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট তারিক এম বরকতুল্লাহ এবং বিটিআরসির পরিচালক রাকিবুল হাসান। বক্তৃতা করেন অ্যাসোসিওর উপ-সভাপতি আবদুল্লাহ এইচ কাফি, আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম, অ্যামটবের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, দৃক আইসিটির ব্যবস্থাপনা পরিচালক এস এম আলতাফ হোসেনসহ অনেকে।