ইন্টারনেট চ্যাটরুমের প্রভাব ইতিবাচক
ইন্টারনেট ফোরাম ও চ্যাটরুমের ইতিবাচক প্রভাব পড়ে মানুষের ওপর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের চালানো গবেষণার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। গবেষকেরা মোট ১৪টি গবেষণা চালান। এসব গবেষণার উদ্দেশ্য ছিল কীভাবে তরুণ-তরুণীরা ইন্টারনেট ব্যবহার করে এবং তাদের ওপর এর প্রভাব কেমন। প্লস ওয়ান জার্নালে গবেষণাগুলোর একটি পর্যালোচনা প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহারের সঙ্গে নিজের ক্ষতি করা এবং আত্মহত্যার যোগসূত্র রয়েছে।
গত আগস্ট মাসে লিসেসটারশায়ারে হান্নাহ স্মিথ নামে ১৪ বছরের এক কিশোরী সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে অবমাননাকর বার্তা পাওয়ার পর আত্মহত্যা করে। কেবল হান্নাহই নয়, ইন্টারনেটে উত্ত্যক্তের শিকার হয়ে এ রকম ঘটনা বহু কিশোর-কিশোরী ঘটাচ্ছে।
তবে বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, ইন্টারনেটের ইতিবাচক প্রভাব রয়েছে। ইন্টারনেট ফোরাম ও চ্যাটরুম, বিশেষ করে যাঁরা একাকী থাকেন, তাঁদের নানাভাবে সাহায্য ও সমর্থন করে।
এ রকম উদাহরণও আছে যে অনেক হতাশাগ্রস্ত ব্যক্তি যাঁরা কিনা আত্মহত্যা করার কথা চিন্তা করছিলেন, চ্যাটরুমে বসার পর তাঁরা তাদের সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। পর্যালোচক লেখক অধ্যাপক কেইথ হাওটন বলেন, ইন্টারনেট ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে যে যোগাযোগ হয়, তা লোকজনকে আত্মহত্যার পথ থেকে, বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের ফিরিয়ে আনে। অতএব বোঝা যায় যে ইন্টারনেট মানুষের উপকারেও আসে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান