ইন্টারনেট ছড়িয়ে দিতে ব্র্যাকনেটের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ব্র্যাকনেট সারাদেশে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে।এজন্য জাপানের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান কেডিডিআই এবং যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাফটা পার্টনারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ব্র্যাকনেট। চুক্তি অনুযায়ী ব্র্যাকনেটের সঙ্গে যুক্ত হয়ে কেডিডিআই ও বাফটা দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট প্রসারের মাধ্যমে স্বাস্থ্যসেবাসহ শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করবে। গত মঙ্গলবার রাতে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, এ যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে গ্রামে উন্নত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আরও নানা ধরনের কাজের ব্যাপারে কাজ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, যেকোনো ব্যবসা কার্যক্রম শুধু লাভের জন্য না করে সামাজিক উন্নয়নের কথা ভেবে করলে সাফল্য আসবে। এ যৌথ উদ্যোগের মাধ্যমে সে ধরনের কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন জাপানের অ্যালায়েন্স ফোরাম ফাউন্ডেশনের চেয়ারম্যান জর্জ হারা, কেডিডিআই করপোরেশনের চেয়ারম্যান তাদাসী ওনোডোরা, ব্র্যাকনেটের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রবসহ অনেকে।অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান নিয়ে গঠিত অ্যালায়েন্স ফোরাম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক টাকু ফুরুকাওয়া। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ উদ্যোগের ফলে ব্র্যাকনেটের ইন্টারনেট সেবা পরিধি আরও বাড়ানোর পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে টেলিমেডিসিনসহ বিভিন্ন সেবা কার্যক্রম আরও বাড়ানো হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। —নুরুন্নবী চৌধুরী