ইন্টারনেট নিরাপত্তার নতুন পণ্য
ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বাজারে এসেছে তারহীন নিরাপত্তা পণ্য। ‘সাইবাররোম নেটজেনি’ নামে নতুন একটি পণ্যের মাধ্যমে বাসা-বাড়ি কিংবা অফিসের কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। বাজারে নতুন এ পণ্যটি নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। নতুন এ পণ্যের উদ্ধোধন উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কম্পিউটার সোর্স লিমিটেডের পরিচালক আসিফ মাহমুদ বলেন, ‘ইন্টারনেট প্রযুক্তি দিন দিন জনপ্রিয় হলেও বর্তমানে এটির ব্যবহারগত নিরাপত্তা নিয়ে পৃথিবীজুড়েই আলোচনা চলছে। বাসা-বাড়ি ও ছোট অফিসগুলোতে ইন্টারনেট ও তথ্য নিরাপত্তাসহ তরুণ প্রজন্মের ইন্টারনেট অপব্যবহার রোধ করতে এটি সাহায্য করবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইবাররোমের সহসভাপতি সুনীল শর্মা, বিক্রয় বিভাগের প্রধান ফিলিপ এস এমসহ আরও অনেকে।অনুষ্ঠানে হোম ও সহো নামে দুটি মডেলের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এর মধ্যে বাসাবাড়ির জন্য হোম ও ছোট অফিসের কম্পিউটারসহ ইন্টারনেট ব্যবহার-উপযোগী যেকোনো ডিভাইসের জন্য সহো ব্যবহার করা যাবে। তারহীন প্রযুক্তির নতুন এ গেটওয়ের মাধ্যমে লেভেল সিকিউরিটিতে অ্যাপ্লিকেশন ফিল্টারিং, বিল্ট ইন অ্যান্টি-ভাইরাস, ফায়ারওয়্যালসহ বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। শুধু নিরাপত্তাই নয়, এটির মাধ্যমে তরুণদের জন্য ক্ষতিকর ওয়েববসাইটগুলো নিয়ন্ত্রণ, বন্ধ ও ব্রাউজিং ট্র্যাক করা যাবে। এ ছাড়া এর সাহায্যে বয়স ভেদে ও নির্দিষ্ট সময় অনুসারে ৭০টির বেশি ক্যাটাগরির ওয়েবসাইটে প্রবেশাধিকার সীমিত করা যাবে। তারহীন ওয়াইফাই সুবিধার এ পণ্যটি বাসাবাড়িতে ছয়-ছয়টি ও অফিসের ক্ষেত্রে ৮-১২টি ডিভাইসে নিরাপত্তা দিতে সক্ষম। —জিয়াউর রহমান চৌধুরী