ইন্টারনেট নিয়ন্ত্রিত হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনিজুয়েলের প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেছেন, বিভিন্ন সময়ে ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যা তথ্য প্রকাশিত হয়, এ জন্য প্রয়োজন ইন্টারনেট নিয়ন্ত্রণ। একটি টেলিভিশন বক্তৃতায় তিনি জানান, ইন্টারনেট ব্যবহার সবার প্রয়োজন, তবে তা একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। সম্প্রতি ভেনেজুয়েলার জনপ্রিয় গুরুত্বপূর্ণ সংবাদসাইট নটিসিরো ডিজিটাল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মিথ্যা তথ্য প্রকাশিত হয়েছে বলে জানানো হয়। এ বিষয়ে ভয়ংকর অপরাধ হিসেবে উল্লেখ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এ ব্যাপারে ওয়েবসাইটটির পক্ষ থেকে তেমন কিছু জানা যায়নি। শ্যাভেজের বিরোধী চ্যানেল, রেডিওগুলোও এ ব্যাপারে ওয়েবসাইটটির পক্ষ নিয়েছে। এসব চ্যানেল ও রেডিওর নতুনভাবে লাইন্সেস নবায়নের ক্ষেত্রেও সরকারি বাধা রয়েছে বলে জানা গেছে। এর প্রতিবাদ হিসেবে এসব টিভি চ্যানেল ও রেডিও শ্যাভেজের বিভিন্ন খবর প্রকাশ থেকেও বিরত থাকছে। এ ব্যাপারে শ্যাভেজ বলেন, টিভি চ্যানেলগুলোকে নিয়ম মেনে কাজ করার পাশাপাশি অবশ্যই আইন মেনে কাজ চালাতে হবে। সর্বশেষ শ্যাভেজের বিরোধিতা করায় গ্লোবভিশন নামের একটি টিভি চ্যানেল সরকারের বিভিন্ন ধরনের তদন্তের আওতায় পড়েছে। ইন্টারনেটে সংবাদভিত্তিক ওয়েবসাইট এবং চ্যানেলের ক্ষেত্রে নিয়ম না মেনে মিথ্যা খবর প্রকাশকে বড় একটি সমস্যা বলে উল্লেখ করেন শ্যাভেজ। তবে নিয়ন্ত্রিত করার এ ব্যাপারটিকে ভালোভাবে দেখছেন না অনেকেই। সংবাদভিত্তিক একটি ওয়েবসাইটের এক কর্মকর্তা জানান, এ ধরনের আইন কিংবা নিয়ন্ত্রণ মুক্ত সাংবাদিকতার জন্য একটি বাধা। তবে সবকিছু ছাড়িয়ে শ্যাভেজ জানান, নিয়ম মেনে সংবাদমাধ্যমকে কাজ করতে হবে, যাতে করে মিথ্যা সংবাদের মাধ্যমে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়। এ জন্য ইন্টারনেটের নিয়ন্ত্রণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। —এপি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী