ইন্টারনেট নেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল ক্যাম্পাস গড়ার অঙ্গীকার দেওয়ার প্রায় দুই বছর পরও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ নেই। ৩২ বছর আগে প্রতিষ্ঠিত সরকারি এই বিশ্ববিদ্যালয়ে ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত মাঝে মাঝে ইন্টারনেট সংযোগ চালু ছিল।কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার জন্য ২০০৭ সাল থেকে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এম আলাউদ্দিন এবং সহ-উপাচার্য হিসেবে কামাল উদ্দিন দায়িত্ব নেন ২০০৯ সালের ৮ মার্চ। দায়িত্ব নেওয়ার পর তাঁরা এ বিশ্ববিদ্যালয়কে ‘ডিজিটাল ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার কথা বলেন।এ জন্য কম্পিউটার কেন্দ্রের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানকে। একই সময়ে উপাচার্য পরিচালককে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দ্রুত ইন্টারনেট সংযোগ চালু করার নির্দেশ দেন। এরপর কম্পিউটার কেন্দ্র ইন্টারনেট সংযোগ নেওয়ার উদ্যোগ নিলেও আজ পর্যন্ত কোনো সংযোগ চালু হয়নি বিশ্ববিদ্যালয়ে।২০০৫ সালে ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহূত ভিস্যাট এবং অন্যান্য যন্ত্রপাতি বাতিলকরে বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ইন্টারনেট সংযোগ নেয় কম্পিউটার কেন্দ্র।মিজানুর রহমান প্রতিশ্রুতি দেন, ২০০৯ সালের মধ্যেই সব কটি অনুষদ, প্রশাসন ভবনসহ বিভিন্ন হলে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। এ জন্য কম্পিউটার কেন্দ্রের পক্ষ থেকে কয়েক দফায় প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা উত্তোলন করা হয় বলেউপাচার্যের কার্যালয় সূত্রে জানা গেছে। কিন্তু ২০০৯ সালের মধ্যেও ইন্টারনেট সংযোগ চালু হয়নি।কম্পিউটার কেন্দ্র থেকে আবারও জানানো হয়, চলতি বছরের মার্চ মাসের মধ্যেই সংযোগ দেওয়া হবে। মার্চ মাসের পর পরিচালক জানান, রমজান মাসের আগেই সব ধরনের ব্যবস্থা সম্পন্ন হবে। বারবার সাংবাদিক ও শিক্ষার্থীদের ইন্টারনেট সংযোগের ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট। সরেজমিন দেখা গেছে, ইন্টারনেট সংযোগ না থাকায় কম্পিউটার কেন্দ্রের প্রায় ৫০টি কম্পিউটার আর অন্যান্য যন্ত্রপাতি অযত্নে পড়ে আছে। কম্পিউটার কেন্দ্রটি প্রায় সব সময়ই পড়ে থাকে তালাবদ্ধ অবস্থায়। এ বিষয়ে উপাচার্য এম আলাউদ্দিন প্রথম আলোকে জানান, ‘ইন্টারনেট সংযোগের প্রতিশ্রুতির অংশ হিসেবে কম্পিউটার কেন্দ্রের পরিচালককে সব দায়িত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে।’ প্রায় দুই বছর সময় পার হলেও এখন পর্যন্ত ইন্টারনেট সংযোগ চালু না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে কম্পিউটার সেন্টারের পরিচালক মিজানুর রহমান বরাবরের মতো এবারও জানান, ‘সামনের সপ্তাহের মধ্যেই ইন্টারনেট সংযোগ চলে আসবে।’কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন ছাত্র বলেন, ‘কম্পিউটার কেন্দ্রের পরিচালকের প্রতিশ্রুতি রক্ষা না করা আমাদের হতাশ করেছে।’ ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের আরেকজন ছাত্র বলেন, ‘ইন্টারনেট সংযোগ না থাকায় আমরা বর্তমান প্রযুক্তির যুগে অনেক কিছুতেই পিছিয়ে যাচ্ছি এবং অনেক কিছুই শিখতে পারছি না। বিশেষ করে প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীদের বর্তমান চাকরির বাজারে টিকে থাকতে হলে ইন্টারনেট সংযোগের বিকল্প নেই।’ —নাজমুস সাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি