ইন্টারনেট পরিচালনায় দক্ষ হতে তিন দিনের কর্মশালা শুরু
ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) আয়োজনে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় ইন্টারনেট পরিচালনায় দক্ষতা অর্জনের একটি কর্মশালা ঢাকায় শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কর্মশালা চলবে আজ শনিবার পর্যন্ত। ‘মাল্টি-প্রটোকল লেভেল সুইচিং’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ সময় তিনি দেশে ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বেশি বেশি কর্মশালার আয়োজন করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ধরনের বিভিন্ন কর্মশালার জন্য আইসিটি মন্ত্রণালয় সহায়তা করবে বলে তিনি জানান।অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর সঠিক পরিচালনপদ্ধতিতে দক্ষ লোকের এখনো যথেষ্ট অভাব রয়েছে। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এই অভাব অনেকটাই দূর করা সম্ভব। আর এ ধরনের কর্মশালা বৃদ্ধি পেলে দক্ষ হাতে ইন্টারনেট পরিচালনা সম্ভব হবে।আইএসপিএবির সহসভাপতি সুমন আহমেদ প্রথম আলোকে জানান, ‘আমাদের বিভিন্ন প্রকৌশলীকে দ্বিতীয় প্রজন্মের ইন্টারনেট প্রটোকল ব্যবহারে আরও পারদর্শী করতেই তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়ক খাইরুজ্জামান আইএসপিএবির সভাপতি আক্তারুজ্জামান, মহাসচিব এম এ হাকিম, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মজিবুর রহমান উপস্থিত ছিলেন। —মোছাব্বের হোসেন