ফিনল্যান্ডের জাতীয় ফুল কি? কে দ্রুত উত্তর দিতে পারবেন? হাতে ইন্টারনেটযুক্ত স্মার্টফোন রয়েছে; দ্রুত উত্তর খুঁজে জানিয়ে দিলেই হয়! বর্তমান প্রজন্মের তরুণরা ইন্টারনেট ব্যবহার করতে পারেন অনেক দ্রুত। কতটা দ্রুততর? তাঁরই খোঁজ চলছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উত্সবের ‘আই-জিনিয়াস’ প্রতিযোগিতার মাধ্যমে।১৬ অক্টোবর ঢাকার শহীদ স্মৃতি পুলিশ কলেজে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা অঞ্চলের গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উত্সবের একটি অনুষ্ঠান। মঞ্চের সামনে উত্সুক শিক্ষার্থী। যারা বসার জায়গা পাননি তাঁরা বেঞ্চের ওপর দাঁড়িয়ে দেখার চেষ্টা করছেন, মঞ্চে কি হচ্ছে। সকাল দশটা। মঞ্চের সাজানো চেয়ারে বসে দশজন ইন্টারনেটের দুনিয়ায় খুঁজে ফিরছেন জটিল সব প্রশ্নের উত্তর। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগীদের একজনের হাত ওপরে উঠল। ১০ জনের মধ্যে প্রথম সঠিক উত্তর দিতে পেরেছেন তিনি। প্রতিযোগীর নাম রায়হান খান।দশম শ্রেণীর ছাত্র রায়হান খান প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা হিসেবে বলেন, ‘প্রাথমিকভাবে নির্বাচিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। কী যে হবে! আই-জিনিয়াস আমাকে হতেই হবে’।৫০ জনকে নিয়ে প্রাথমিক যে পর্ব অনুষ্ঠিত হয় তাতে নির্বাচিত হয়েছেন তিনি।এভাবেই স্মার্টফোনের ইন্টারনেট ব্যবহার করে ৫০ জনের মধ্য থেকে ১০ জনকে নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে যিনি চূড়ান্তভাবে নির্বাচিত হন, তিনিই হন ওই কেন্দ্রের আই জিনিয়াস।রায়হান খান বলেন, ‘আই জিনিয়াস প্রতিযোগিতার বিষয়ে ইন্টারনেটেই প্রথম জানতে পারি, এখানে এসে দেখি অনেকেই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে। ঝটপট আমিও তাই দাঁড়িয়ে পড়ি। নাম তালিকাভুক্তির পর ইন্টারনেট ব্যবহার করে কীভাবে দ্রুত প্রশ্নের উত্তর খুঁজতে হবে এ বিষয়ে আমাদের সবাইকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। খুবই সহজ।’রায়হান খান তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘এ প্রতিযোগিতা আমাকে ও আমার বন্ধুদের উত্সাহী করেছে। ইন্টারনেটের ব্যবহার জানলে সবকিছুই করা সহজ। আমরা ইন্টারনেট ব্যবহার করে উইকিপিডিয়াসহ বিভিন্ন বিষয়ে তথ্য জানতে পারি। এ প্রতিযোগিতার মাধ্যমে আই-জিনিয়াস হতে পারলে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আরও জ্ঞান বাড়বে। এ ধরনের প্রতিযোগিতা আমাদের আগ্রহ বাড়ায়।’উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উত্সব। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু। আজ ১৯ অক্টোবর ১২০ জন আই জিনিয়াস খুঁজে বের করার মাধ্যমে এ আয়োজনের প্রাথমিক পর্ব শেষ হচ্ছে। দ্বিতীয় পর্বে ১২০ জন আই জিনিয়াসের মধ্য থেকে নির্বাচিত করা হবে বিজয়ীকে। দ্বিতীয় পর্ব শুরুর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। গ্রামীণফোন ও প্রথম আলোর আয়োজনে ইন্টারনেট উত্সবে সহযোগী হিসেবে আছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সহযোগী হিসেবে আরও আছে গুগল, অপেরা, নকিয়া, ফেসবুক, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। সারা দেশে ইন্টারনেট উত্সব পরিচালনা করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।প্রতিযোগিতার আয়োজকেরা জানান, সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উত্সব শুরু হয়েছে। প্রতিটি অনুষ্ঠানে ১৫০ জন প্রতিযোগীকে প্রথমে তালিকাভুক্ত করা হয়। ১৫০ জনকে ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৫০ জনকে নির্বাচিত করা হয়। এই ৫০ জন মঞ্চে প্রতিযোগিতার সুযোগ পান। ৫০ জনকে নিয়ে ৫ রাউন্ডে দশ জন বিজয়ী নির্বাচন করা হয়। এই দশজনের মধ্য হয় প্রতিটি ভেন্যুর মূল প্রতিযোগিতা। নির্বাচিত হয় ওই ভেন্যুর আই-জিনিয়াস। এর মধ্যে আই-জিনিয়াস নির্বাচিত হয়ে একজন পায় মেডেল ও প্রথম আলোর উপহার। যেসব শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি, তাদের জন্য থাকে হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েনস জোন। প্রথম আলো, গ্রামীণফোন, নকিয়া, ফেসবুকসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সেবা ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারে এবং তথ্য পেতে পারে।আজ নড়াইলে (লোহাগড়া) অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উত্সবের । সারা দেশের আই-জিনিয়াসদের নিয়ে গ্রান্ড মাস্টার নির্বাচনের মূল অনুষ্ঠানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।