ইন্টারনেট বাসে অলিম্পিকের খেলা
বাড়িতে ইন্টারনেট নেই তো কী হয়েছে! ইন্টারনেট এসে ধরা দেবে আপনার হাতে। ভাবছেন এমনটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। সার্চ ইঞ্জিন গুগল ভারতে এমনই একটি প্রকল্প চালু করেছে প্রায় তিন বছর আগে। ইন্টারনেট বাসটি ভারতের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে। এই ইন্টারনেট বাসে যে কেউ উঠতে পারে এবং শিখে নিতে পারে কীভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়। এই বাসে রয়েছে ইন্টারনেট সংযোগসহ বেশ কয়েকটি কম্পিউটার ও মোবাইল টার্মিনাল। ইন্টারনেট দৈনন্দিন জীবনে কী কী কাজে আসে এবং এর উপকারিতা সম্পর্কে লোকজনকে জানানো হয়। কোনো তথ্য খোঁজা, ই-মেইল করা, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করা, অনলাইনে বাজার, ট্রেনের টিকিট কাটা ইত্যাদি প্রাথমিকভাবে লোকজনকে শেখানো হয়। ইতিমধ্যে ইন্টারনেট বাস ভারতের প্রায় সব রাজ্য ঘুরেছে। এখন বাসটি রয়েছে হরিয়ানা রাজ্যের ভিওয়ানি শহরে। এ শহরের আটজন মুষ্টিযোদ্ধা গেছেন লন্ডনে বিশ্ব অলিম্পিকে অংশ নিতে। এই শহরের বেশির ভাগ মানুষের বাড়িতে ইন্টারনেট সংযোগ নেই। তাই এখন বাসটিতে ইন্টারনেটে সরাসরি দেখানো হচ্ছে অলিম্পিকের বিভিন্ন প্রতিযোগিতা। অলিম্পিকের ওয়েবসাইটে খেলা দেখতে সেখানে ভিড় জমিয়েছে স্থানীয় লোকজন। দারুণ খুশি তারা। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান