ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ওপেন সোর্সভিত্তিক প্রটোকল ‘ওপেন সোর্স ক্রিপটোগ্রাফি লাইব্রেরির (ওপেন এসএসএল)’ একটি ত্রুটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ‘হার্টব্লিড’ নামের এ প্রোগ্রামিং ত্রুটির (বাগ) কারণে তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকতে পারে বলে জানা গেছে। মূলত এ ত্রুটির মাধ্যমে ওপেন এসএসএল ব্যবহার করে যেসব মাধ্যমে ওয়েবসাইট চালিত হয়, সেসব মাধ্যমের তথ্য চুরি করতে পারে সাইবার অপরাধীরা। মোবাইল ফোন, ওয়েবসাইট, সার্ভার, নেটওয়ার্কও হ্যাক হতে পারে এ দিয়ে।
গবেষকদের মতে, এই ত্রুটি সহজেই কম্পিউটারের নিরাপত্তাব্যবস্থাকে পাশ কাটিয়ে যেতে পারে। ২০১১ সালে জার্মান সফটওয়্যার নির্মাতা রবিন সেগেলম্যানের ভুলের কারণে এ বাগ তৈরি হয়েছিল। সম্প্রতি গুগলের নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ত্রুটির খবর প্রকাশ করেন।
মূলত ওপেন এসএসএল অধিকাংশ ওয়েবসাইটে তথ্য নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়েবসাইট, ই-মেইল, তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান থেকে শুরু করে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রেও যোগাযোগ নিরাপত্তা নিশ্চিত করতে এ সফটওয়্যারটি ব্যবহার করা হয়। এর ফলে তথ্য আদান-প্রদান হয় সুরক্ষিত। হার্টব্লিড নামের এই ত্রুটি শুধু ওয়েবসাইট নয়, ইন্টারনেট সংযোগের জন্য যেসব পণ্য ব্যবহূত হচ্ছে সেগুলোকেও আক্রমণ করছে। তবে এটি কোনো কম্পিউটার ভাইরাস নয় বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। প্রোগ্রামিংয়ের একটি ত্রুটি।
বিশ্বের শীর্ষ সব প্রযুক্তি প্রতিষ্ঠান ইতিমধ্যে এ বাগের সমাধান তৈরির কাজে হাত দিয়েছে। তাই সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের এ বিষয়ে দুশ্চিন্তার তেমন কিছু নেই। এ নিয়ে কাজ করছেন এমন একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন, ‘স্বীকার করতেই হবে বর্তমান সময়ের জন্য এটি সবচেয়ে বড় একটি নিরাপত্তা ত্রুটি। তবে অনেকেই এখন এ ত্রুটি দূর করার ব্যাপারে কাজ করছে। আশা করছি কয়েক দিনের মধ্যেই এ ত্রুটি দূর করার সমাধান (প্যাচ) আসবে।’ হার্টব্লিড সম্পর্কে আরও জানা যাবে www.heartbleed.com ঠিকানার ওয়েবসাইটে। 

—বিবিসি, সিএনএন, হার্টব্লিড অবলম্বনে নুরুন্নবী চৌধুরী