ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে আছে চীন। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪২ কোটি ছাড়িয়েছে। গত বছরের ডিসেম্বরের পর নতুন করে তিন কোটি ৬০ লাখ ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারের তালিকায় যোগ হয়েছে। এভাবে গ্রাহক বাড়তে থাকলে ২০১৫ সাল নাগাদ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি) চালিত এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। মোবাইল ফোনে সংযোগের মাধ্যমে ক্রমেই এ সংখ্যা আরও বাড়ছে বলেও জানা গেছে। ২০০৯ সাল পর্যন্ত চীনের মোট অনলাইন গেমারের সংখ্যা ছিল ২৬ কোটি ৫০ লাখ! যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া গত বছর চীনে অনলাইনভিত্তিক পণ্য ক্রেতার সংখ্যা ছিল ১০ কোটি ৮০ লাখ। এ সংখ্যাটিও আগের বছরের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯ শতাংশ। সব মিলিয়ে বিশাল জনসংখ্যার দেশটিতে মানুষ যেমন বাড়ছে, সে অনুপাতে ধীরে ধীরে বেড়েই চলছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। এমন অবস্থা দেখে খুশি বিশ্বের বিভিন্ন ইন্টারনেটভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান। অনেকেই এখন চীনকে কেন্দ্র করে অনলাইনভিত্তিক নতুন নতুন ব্যবসা নিয়েও কাজ শুরু করেছে। ইন্টারনেট বিশেষজ্ঞদের মতে, এভাবে ইন্টারনেটের ব্যবহার বাড়ার ফলে অনলাইনভিত্তিক নানা কার্যক্রমে শিগগিরই শীর্ষে থাকবে চীন। —সিএনএন অবলম্বনে নুরুন্নবী চৌধুরী