ইন্টারনেট ব্যবহারের সুবিধায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিশ্বের ৫৬টি দেশে এখনো জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়ন করা না হলেও ২০০৯ সালে বাংলাদেশে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তবে তারসহ ও তারহীন ইন্টারনেট ব্যবহারের সুবিধার ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে। জাতিসংঘের ৬৯তম সাধারণ সভার প্রাক্কালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২১ সেপ্টেম্বর হওয়া ডিজিটাল উন্নয়নের জন্য ব্রডব্যান্ড কমিশনের সভায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ২০১৪ সালের বিশ্ব ব্রডব্যান্ড পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের সম্পূরক হিসেবে জাতিসংঘ মহাসচিবের আহ্বানে ইউনেসকো ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) গঠিত ডিজিটাল উন্নয়নের জন্য ব্রডব্যান্ড কমিশনের এটি ছিল দশম সভা।

প্রতিবেদনে প্রতি ১০০ জনে তারযুক্ত ইন্টারনেট ব্যবহারের তালিকায় বাংলাদেশের সূচক হলো ১৩৬ (০.৬ শতাংশ)। মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১২৮তম স্থানে, যা আফগানিস্তান (১২১) ও পাকিস্তানের (১২৬) চেয়েও িনচে। উন্নয়নশীল দেশগুলোয় বাসাবাড়িতে ইন্টারনেট সংযোগের হার কোরিয়ার সবচেয়ে বেশি (৯৮.১ শতাংশ) আর বাংলাদেশের অবস্থান ১০২তম (৪.৬ শতাংশ)। এ ক্ষেত্রে ভারতের অবস্থান ৭৫ (১৩ শতাংশ) ও পাকিস্তানের অবস্থান ৮৫তম (৮.৩ শতাংশ)। 

এ বছরের প্রতিবেদনে শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির দক্ষতা প্রয়োগ ও ব্যবহারের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আগামী প্রজন্ম ডিজিটাল অর্থনীতিতে যথাযথ ভূমিকা রাখতে সমর্থ হয়। প্রতিবেদনে জাতিসংঘের সদস্যদেশগুলোকে উপযোগী ব্রডব্যান্ড নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করতে বলা হয়েছে, যাতে সাশ্রয়ী ইন্টারনেট ব্যবহারের পথ সুগম হয়। এটি জ্ঞানসমাজ বিকাশে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বলা হয়েছে, সাধারণ মানুষের জীবনে ইন্টারনেট শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও বাণিজ্য ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে৷ তাই দেশগুলোর দায়িত্ব হলো নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করা।

প্রতিবেদনে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে বৈশ্বিক পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, তথ্যসমাজ শীর্ষ সম্মেলনের (ডব্লিউএসআইএস) পর ১০ বছরে সন্তোষজনক অগ্রগতি সাধিত হয়েছে। ২০১৪ সালের শেষ দিকে পৃথিবীর মোট ২৯০ কোটি বা ৪০ শতাংশ মানুষ ইন্টারনেটের আওতায় আসবে। এই হারে অগ্রগতি হতে থাকলে ২০১৭ সালের মধ্যে পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করতে সমর্থ হবে।

প্রতিবেদনের বিস্তারিত: http://goo.gl/xVyW64

—রেজা সেলিম, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে