ইন্টারনেট ব্যান্ডউইথের গতি বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট ব্যান্ডউইথের গতি বাড়ানোর সুপারিশ করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি ইন্টারনেটে আপলোডের গতি কমানোর সিদ্ধান্ত নিয়ে তা প্রত্যাহার করলেও সংসদীয় কমিটি গতি কমানোর সিদ্ধান্তকে সমর্থন করেছে। তবে এ বিষয়ে তারা নতুন করে কোনো সুপারিশ করেননি।

বিটিআরসি গত বৃহস্পতিবার অবৈধ ভিওআইপি প্রতিরোধে ইন্টারনেট আপলোড গতি সর্বোচ্চ ২৫ শতাংশ করার জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) নির্দেশনা দেয়। এরপর রোববার বিটিআরসি নির্দেশনাটি প্রত্যাহার করে নেয়।

আপলোডের বিষয়ে বিটিআরসির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আজ কমিটির বৈঠকে বলা হয়, অনলাইনে ‘অপশক্তির উত্থান’ ঘটেছে। তারা বিকৃত তথ্য আপলোড করে যাচ্ছে। সে জন্য নিরাপত্তার খাতিরে আপলোডের গতি কমানোর সিদ্ধান্ত সঠিক ছিল।

বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ বলেন, ‘তথ্যপ্রযুক্তির বর্তমান জগতে চলতে হলে ইন্টারনেটের সংযোগ ও ব্যান্ডউইথের গতি বাড়াতে হবে। কমিটি এই গতি বাড়ানোর সুপারিশ করেছে। একই সঙ্গে ব্যান্ডউইথের দাম কমিয়ে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে রাখার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য কমিটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে।’

আপলোডের গতি কমানোর বিষয়ে আবদুল ওয়াদুদ বলেন, ‘বিষয়টিকে নিয়ন্ত্রণ হিসেবে দেখা ঠিক হবে না। বিগত কয়েক মাস যাবত্ কয়েকটি অপশক্তির উত্থান হয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত তথ্য প্রচার করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। এগুলো বন্ধ করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছিল।’

আবদুল ওয়াদুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জুনাইদ আহমেদ, ফজিলাতুন নেসা, কে এম খালিদ ও আশিফা আশরাফী অংশ নেন।