ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার
প্রযুক্তির এ সময়ে ইন্টারনেট ব্যবহারকে মৌলিক অধিকার হিসেবে মনে করছেন ব্যবহারকারীরা। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের আয়োজনে ২৬টি দেশের ২৭ হাজার ব্যবহারকারীর ওপর পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। জরিপে দেখা গেছে, ফিনল্যান্ড ও এস্তোনিয়ায় বাসিন্দারা ইতিমধ্যে এ অধিকার পাচ্ছেন। এ অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রমও পরিচালনা করছে জাতিসংঘ। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হামাদান তৌরে বলেন, জ্ঞানসমৃদ্ধ সমাজের জন্য বর্তমানে সবচেয়ে শক্তিশালী মাধ্যম ইন্টারনেট। আর যোগাযোগ এবং অন্যান্য কার্যক্রমের জন্য জরুরি হচ্ছে এ মৌলিক অধিকার সবার জন্য নিশ্চিত করা। জরিপে দেখা গেছে, দক্ষিণ কোরিয়া ও নাইজেরিয়ায় ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সরকার তেমন কোনো আইন বাধ্যতামূলকভাবে প্রয়োগ করে না। তবে এ মতের সঙ্গে চীন ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের দ্বিমত রয়েছে। যুক্তরাজ্যের শতকরা ৫৫ ভাগ লোক মনে করে, সরকার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে খবরদারি করে, যা উচিত নয়। এ কাজ সমর্থন করে ইউরোপীয় ইউনিয়নও স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধার কথা বলেছে; পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে পুরোপুরি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছানোর ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়ার ব্যাপারে জানিয়েছে। গবেষকদের মতে, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ অনেক দেশেরই এখনো সব জায়গায় নেই, যা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অন্যতম একটি প্রতিবন্ধকতা। জরিপ অনুযায়ী শতকরা ৮৭ ভাগ ইন্টারনেট ব্যবহারকারী দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত এবং ৭০ ভাগ লোক ইন্টারনেট ব্যবহারের সুযোগ না থাকায় ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত। তবে শতকরা ৭৯ ভাগ ব্যবহারকারীর মতে, ইন্টারনেট ব্যবহার একটি মৌলিক অধিকার; সেখানে ইন্টারনেট সংযোগ থাকুক আর না-ই থাকুক। মেক্সিকো, ব্রাজিল, তুরস্ক, জাপান, রাশিয়া, জার্মানিসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারের এ মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। তাদের মতে, ইন্টারনেট ব্যবহারের মৌলিক অধিকার নিশ্চিত হলে সমাজ উন্নয়ন এবং অন্যান্য কার্যক্রম এগিয়ে যাবে। ব্যবহারকারীদের এমন মতামতকে সঠিক বলে জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরাও। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী