ইন্টারনেট সহজলভ্য করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ে একটি দেশের উন্নয়ন তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ-ব্যবস্থা কেমন, তার ওপর নির্ভর করে। এখনকার সময়ে যোগাযোগ-ব্যবস্থা অনেকটাই প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। দেশে কিংবা বিদেশে যোগাযোগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি এখন সবচেয়ে সহজ ও উপযোগী মাধ্যম। তাই যোগাযোগ-ব্যবস্থার উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসার প্রয়োজন। আর এ ক্ষেত্রে ইন্টারনেট সহজলভ্য করার বিকল্প নেই। গত রোববার ফাইবার টু দি হোম (এফটিটিএইচ) কাউন্সিল এশিয়া প্যাসিফিকের বাংলাদেশ কর্মশালা ২০১২-এর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ কর্মশালা। এতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, ‘ইন্টারনেটের কল্যাণে পুরো বিশ্ব এখন একটি গুচ্ছগ্রামে পরিণত হয়েছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা সব ক্ষেত্রেই এর প্রভাব চোখে পড়ে। দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনপদেও ইন্টারনেটের ব্যবহার বাড়ানো জরুরি।’ এফটিটিএইচ কাউন্সিল এশিয়া প্যাসিফিকের সভাপতি মনিকিউ মোউরো বলেন, ‘এশিয়া মহাদেশে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সম্প্রসারণ ও বাস্তবায়নে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। ইন্টারনেট প্রযুক্তি সহজলভ্য হওয়ার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষা ও ব্যবসায়িক উন্নয়ন প্রত্যাশা করি।’ কর্মশালায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিকম নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের পরিচালক মশিউর রহমানসহ আরও অনেকে। কর্মশালায় বিভিন্ন দেশের ফাইবার নেটওয়ার্ক ব্যবস্থা, তথ্যপ্রযুক্তির সম্প্রসারণে ফাইবার নেটওয়ার্কের গুরুত্ব, ফাইবার নেটওয়ার্ক ব্যবস্থার বাস্তবায়নে চ্যালেঞ্জ ও উচ্চ নিরাপত্তা, ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি বিষয় নিয়ে ব্যক্তিগত উপস্থাপনা করেন বক্তারা। এতে দেশি-বিদেশি প্রায় অর্ধশতাধিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তা অংশ নেন। —জিয়াউর রহমান চৌধুরী