ইন্টারনেট সুবিধার ফিচার ফোন আনছে মাইক্রোসফট

নকিয়া ব্র্যান্ড নামের অধীনেই ইন্টারনেট সুবিধার ফিচার ফোন নিয়ে এল মাইক্রোসফট। নকিয়া ২১৫ নামের দুটি মডেলের সাশ্রয়ী ফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটিতে রয়েছে দুই সিম ব্যবহারের সুবিধা।
মাইক্রোসফট জানিয়েছে, নকিয়া ২১৫ ও নকিয়া ২১৫ ডুয়াল সিম ফোন দুটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বাজারে শিগগিরই পাওয়া যাবে। মাত্র ২৯ ডলারেই কেনা যাবে এই ফিচার ফোন।
দুটি মডেলের ফোনেই রয়েছে ২.৪ ইঞ্চি মাপের কিভিজিএ এলসিডি ডিসপ্লে ও মাইক্রোএসডি কার্ড সুবিধা। এতে এক হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে। নকিয়া ২১৫ ফিচার ফোনে থাকছে ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা ও সিরিজ ৩০ প্লাস অপারেটিং সিস্টেম, ব্লুটুথ আর জিপিআর সুবিধা। এতে অপেরা মিনি ব্রাউজার ও বিং সার্চ ইঞ্জিনও যুক্ত রয়েছে। এ ছাড়া এফএম ও বিল্টইন টর্চলাইট সুবিধাও রয়েছে এতে।
নতুন ফিচার ফোন সম্পর্কে মাইক্রোসফট তাদের লুমিয়া কনভারসেশন ব্লগে লিখেছে, ২০১৫ সাল হবে ইন্টারনেট সংযোগে আসার বছর। মাত্র ২৯ ডলারে নকিয়া ২১৫ ফোনটি বিক্রির মাধ্যমে মাইক্রোসফট পরবর্তী ১০০ কোটি মানুষকে প্রথমবারের মতো ইন্টারনেট সুবিধার আওতায় আনতে চায়।