ইন্টারনেট সেবাদাতা ৩০ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
নবায়ন না করায় ইন্টারনেট সেবাদাতা ৩০টি প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল হয়েছে। আজ রোববার এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এক বিজ্ঞপ্তি জারি করেছে।
বর্তমানে দেশে আইএসপি লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় পাঁচশ। এর মধ্যে ত্রিশটির লাইসেন্স বাতিল হচ্ছে।
সংস্থাটির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বিটিআরসি বলেছে, লাইসেন্সের শর্তানুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই লাইসেন্স নবায়নের আবেদন করার বিধান রয়েছে। কিন্তু আইএসপি লাইসেন্সধারী এসব প্রতিষ্ঠান তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও নবায়নের জন্য আবেদন করেনি। তাই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সের আর কোনো বৈধতা নেই। এসব লাইসেন্সের অধীনে কার্যক্রম পরিচালনা অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের কাছে সংস্থাটির পাওনা সব বকেয়া আগামী ১০ দিনের মধ্যে পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিটিআরসি জানিয়েছে।
যে ৩০টি আইএসপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়েছে সেগুলো সেগুলো হলো -গ্লোবাল টেকনোলজি লিমিটেড, জি নেট টেকনোলজি, এক্সিস টেকনোলজি, নেক্সটেল টেলিকম লিমিটেড, পলি আইটি লিমিটেড, গ্লোবাল এক্সেস লিমিটেড, বি জে ইন্টারন্যাশনাল (প্রাইভেট) লিমিটেড, ফ্লোরা লিমিটেড, সিপিএম ব্লু অনলাইন (প্রাইভেট) লিমিটেড, ইকটু লিমিটেড, সিগমা সিস্টেমস (প্রাইভেট) লিমিটেড, ওয়েব ইন্টারনেট, আই-নেট, গণিবাংলা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার লিমিটেড, এম জি ইলেক্ট্রনিক্স, জিয়া অনলাইন, টি-নেটওয়ার্ক, মেসার্স ট্রাই ইউনিটেক, স্মার্ট সিস্টেমস অ্যান্ড কনসালটেন্টস লিমিটেড, মক্কামদীনা ট্রেডার্স, হাজারী বিজনেস সেন্টার, ই-নেট, সিসটেল আইটি, ওয়েস্টার্ন কমিউনিকেশন, আইটি সোর্সেস, এস এ টেলিকম সিস্টেম লিমিটেড, জিরো ফোর নেটওয়ার্ক, করতোয়া অনলাইন লিমিটেড এবং এস এ এস টেকনোলজি।