‘শিক্ষকেরা এখন আর ক্লাসে ভুল তথ্য দিতে পারেন না। কেননা, শিক্ষক যে তথ্য দেন তা অনেক শিক্ষার্থী অন্য কোনো উৎস থেকে জেনে আসে। তাই ইন্টারনেট হোক স্বপ্নপূরণের প্রবেশদ্বার।’ গতকাল মঙ্গলবার গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে এ কথা বলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন।গতকাল সাতক্ষীরা ছাড়া পঞ্চগড়, নোয়াখালী, মাদারীপুর ও জয়পুরহাটের কালাই উপজেলায় ইন্টারনেট উৎসব হয়েছে।উৎসবের ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গ্রামীণফোনের পক্ষ থেকে সংযোগসহ একটি করে ইন্টারনেট মডেম দেওয়া হয়। এ ছাড়া ভেন্যু প্রতিষ্ঠান ও আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীকে প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে দেওয়া হয় ক্রেস্ট। উৎসবগুলোতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, প্রথম আলো ও গ্রামীণফোনের তিনটি ভিডিওচিত্র দেখানো হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত উৎসবে নির্ধারিত ১২টি স্কুল-কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুকুমার দাশ বলেন, বিশ্বকে হাতের মুঠোয় এনে দেওয়ার কৃতিত্ব ইন্টারনেটের। ইন্টারনেট ব্যবহারে মানুষ হয়রানি থেকে মুক্তি পাচ্ছে। দুর্নীতি কমছে। মানুষ সঠিক সেবা পাচ্ছে।আরও বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হামিদ, খানবাহাদুর আহসানউল্লাহ কলেজের শিক্ষক অভিজিৎ বসু, গ্রামীণফোনের খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক অমিতাভ চন্দ্র দাশ ও প্রথম আলোর ডুমুরিয়া প্রতিনিধি কাজী আবদুল্লাহ। প্রতিযোগিতায় আই-জিনিয়াস নির্বাচিত হন সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আল মুহাইমেন। পঞ্চগড়: পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দেবী বলেন, ‘সরকার যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, তা ইন্টারনেটের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তাই তরুণ প্রজন্মকে ইন্টারনেটের আলোয় উদ্ভাসিত হতে হবে।’গ্রামীণফোনের কর্মকর্তা আসাদুল্লাহ হাবিব খান পাঠান বলেন, ‘একটি উন্নয়নশীল দেশ হিসেবে ইন্টারনেট ব্যবহার করা আমাদের খুবই জরুরি।’ উৎসবে পঞ্চগড় শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল। আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী লামিয়া রহমান। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সরকারি বালিক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম শামীম, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম প্রমুখ।নোয়াখালী: সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন। জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিমউল্লাহ বলেন, ইন্টারনেটকে মেধার বিকাশে ব্যবহার করতে হবে।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক চন্দ্র শেখর মজুমদার, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক রাজিবুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান।জেলার ১০টি স্কুল-কলেজের সহস্রাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং শিক্ষকেরা উৎসবে অংশ নেন। শিক্ষার্থীদের মাদক, মিথ্যা, মুখস্থ, ইভ টিজিংকে ‘না’ বলার শপথ করানো হয়। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সাজিদ ইকবাল।মাদারীপুর: মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বিশাল মাঠে আয়োজিত উৎসবে জেলার ১২টি স্কুল ও কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকের সমাগম হয়। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন বলেন, ‘একসময় যে দেশগুলো আমাদের মতো ছিল, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তারা আজ আমাদের চেয়ে অনেক উন্নত। তাই আমাদের এই প্রজন্মকে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাজিমউদ্দিন কলেজের উপাধ্যক্ষ বেগম জেবুন্নাহার, গ্রামীণফোনের ফরিদপুর-মাদারীপুর অঞ্চলের ব্যবস্থাপক এস কে মোনায়েম সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালন ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খান। আই-জিনিয়াস নির্বাচিত হয় সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফুল হক।কালাই (জয়পুরহাট): সকাল সাড়ে আটটার আগেই প্রায় সাত হাজার শিক্ষার্থীর ধারণক্ষমতার জয়পুরহাটের কালাই মহিলা ডিগ্রি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ। কালাই কাকলি শিশু নিকেতনের দুই শতাধিক খুদে শিক্ষার্থী ‘আমরাও ইন্টারনেট শিখতে চাই’ প্ল্যাকার্ড নিয়ে উৎসবস্থলের নিবন্ধন অঞ্চলে হাজির। শিক্ষার্থীদের দাবি, তাদেরও ইন্টারনেট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। অনেক বুঝিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়, আগামী ইন্টারনেট উৎসবে যাতে তাদের মতো খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকে, সে বিষয়ে তারা আয়োজকদের প্রতি অনুরোধ জানাবে। জয়পুরহাট-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বলেন, ‘ইন্টারনেট উৎসবের মাধ্যমে প্রথম আলো ও গ্রামীণফোন শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেটকে ছড়িয়ে দিতে যে উদ্যোগ নিয়েছে, একজন সাংসদ হিসেবে সেই উদ্যোগকে সাধুবাদ জানাই।’বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ ছালামত উল্লাহ বলেন, ‘অনেকেই বলেন, বিশ্ব এখন হাতের মুঠোয়। আমি বলি, ইন্টারনেট প্রযুক্তির বদৌলতে বিশ্ব এখন আঙুলের ডগায়। মাউসে টিপ দিলেই এখন গোটা বিশ্ব দেখতে পাই।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপক জহিরুল আলম, কালাই মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, প্রথম আলোর কালাই প্রতিনিধি আনোয়ার পারভেজ।উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে কালাই ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মোহাইমিনুল ইসলাম।