ইন্টারনেটবিষয়ক আইনে বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড মাথায় রাখবে, আশা মেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সেবাগুলো মেটার অধীনে পরিচালিত হবে
মেটা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের মতো মাধ্যমগুলো নিয়ন্ত্রণে নতুন একটি প্রবিধান তৈরি করতে যাচ্ছে। এই প্রবিধান নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার আশা, বাংলাদেশ এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মাথায় রাখবে।

সম্প্রতি বিটিআরসি তাদের ওয়েবসাইটে ‘ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রেগুলেশন-২০২১’ শিরোনামে একটি খসড়া প্রবিধানমালা প্রকাশ করেছে। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি শুক্রবারের মধ্যে প্রবিধান নিয়ে পর্যবেক্ষণ, মতামত ও সুপারিশ দেওয়া যাবে। প্রবিধানে ইন্টারনেটভিত্তিক পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণে নানা বিধিনিষেধের কথা বলা হয়েছে।

প্রবিধানের বিষয়ে মেটার মুখপাত্র এক লিখিত জবাবে প্রথম আলোকে বলেন, ‘আমরা আইনের খসড়াটি খতিয়ে দেখছি। তাই এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। তবে আমরা আশা করি, বাংলাদেশের ইন্টারনেটবিষয়ক যেকোনো নতুন আইন আন্তর্জাতিক নিরাপত্তা, গোপনীয়তা ও মানবাধিকার আইনগুলোকে মাথায় রেখে তৈরি হবে এবং তা দেশে উদ্ভাবন ও প্রবৃদ্ধির ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়তা করবে।’

খসড়ার উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হচ্ছে, ইন্টারনেটভিত্তিক মাধ্যমগুলোকে বাংলাদেশে কর্মী নিয়োগ করতে হবে, সশরীর যোগাযোগের ঠিকানা থাকতে হবে, অভিযোগ নেওয়া ও নির্দিষ্ট সময়ে তা নিষ্পত্তি করতে হবে। আদালত ও বিটিআরসি নির্দেশ দিলে নির্দিষ্ট কনটেন্ট বা আধেয় ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে হবে। এ ছাড়া বিধান লঙ্ঘনকারীকে শনাক্ত করে দিতে হবে। ব্যবহারকারী বিধান লঙ্ঘনকারী কোনো কনটেন্ট মুছে ফেললেও মাধ্যমগুলো তা তদন্তের জন্য ১৮০ দিন সংরক্ষণ করবে।

বিটিআরসি জানিয়েছে, এটি প্রাথমিক খসড়া। পরামর্শ ও মতামতের পর আরও পরিমার্জন হবে।

আরও পড়ুন