ইন্টারনেটে আর আস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিলি ক্রয়েস
নিলি ক্রয়েস

বিশ্বের কোটি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও এর ওপর আর বিশ্বাস করেন না তাঁরা। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট নিলি ক্রয়েস দাবি করেছেন, ইন্টারনেট বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, মানুষ এর ওপর আর আস্থা রাখছে না। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতার বিতর্ক প্রসঙ্গে ক্রয়েস বলেন, বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাওয়ার বিষয়টি এখন পরিষ্কার। ১০ মার্চ থেকে জার্মানির হ্যানোভারে শুরু হওয়া তথ্যপ্রযুক্তির বৃহত্তম মেলা সিবিটে এই মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের ডিজিটাল আলোচ্যসূচি বাস্তবায়নের দায়িত্বরত নিলি ক্রয়েস।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বজুড়ে নেতৃত্বের ওপর গোপনে নজরদারি চালানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে, বিশেষ করে আলোচনায় এসেছেস জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের নাম।

ক্রয়েস বলেন, ইন্টারনেটের ভবিষ্যত্ নির্ভর করছে বিশ্বাসযোগ্যতার ওপর। ইন্টারনেটের পরবর্তী ধাপ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকেন্দ্রিক। এখানে ক্লাউড কম্পিউটিং, বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস, ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার, শিক্ষা, গাড়ি, শক্তি উত্পাদন প্রভৃতি বিষয় জড়িত।

তিনি বলেন, ইন্টারনেট মানে এখন আর শুধু ই-মেইল নয়। বর্তমান এই তথ্য-প্রযুক্তির যুগে বিশ্বাসের বন্ধন বাড়াতে পারস্পরিক নির্ভরশীলতা ও বিশ্বাসযোগ্যতা পূর্বশর্ত বলে মত দেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট। তাঁর মতে, জার্মানির চ্যান্সেলরের ফোনে যখন আড়ি পাতার খবর পাওয়া যায়, তখন নতুন করে আর বিশ্বাস থাকে না। এখন এটা পরিষ্কার যে শুধু লাখ লাখ জার্মান নাগরিক নয়, বিশ্বের কোটি কোটি মানুষ ইন্টারনেটের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।


ম্যার্কেলের সচেতন হওয়ার আহ্বানের সূত্র ধরে নিল ক্রয়েস বলেন, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে এবং নিরাপত্তা বাড়াতে হবে। ইউরোপের নাগরিকদের তথ্য কোথায় থাকবে, কোথায় যাবে, তা তাদেরই নির্ধারণ করার অধিকার রাখতে হবে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তথ্য নিরাপত্তার ক্ষেত্রে ব্যাপক গোয়েন্দাগিরি করছে—এমন বিতর্কের মধ্যেই ১০ মার্চ হ্যানোভারে শুরু হয়েছে সিবিট ২০১৪।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মেলা উদ্বোধনের সময় তথ্য নিরাপত্তার ওপর ইউরোপীয় নীতির উন্নয়নের ওপর গুরুত্ব দেন ম্যার্কেল । অবশ্য গোপন গোয়েন্দাগিরি প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী।

মার্কিন গোয়েন্দা বাহিনীর সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোপন গোয়েন্দাগিরির তথ্য ফাঁস করেন। এরপর তা নিয়ে টানাপোড়েন চলে।
‘বিগ ডেটা অ্যান্ড ডেটাবিলিটি’ বিষয় নিয়ে এবারের পাঁচ দিনের সিবিট মেলায় সহযোগী দেশ হিসেবে আছে যুক্তরাজ্য।

৫জি উন্নয়নে সহযোগিতা

মেলার শুরুতে ডেভিড ক্যামেরন যুক্তরাজ্য ও জার্মানি কীভাবে উদ্ভাবন ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগী হতে পারে, সে বিষয়ে উল্লেখ করেন। ক্যামেরন এই মেলায় ব্রিটিশ-জার্মান যৌথ উদ্যোগে দ্রুতগতির মোবাইল নেটওয়ার্ক নির্মাণেরও ঘোষণা দেন। পঞ্চম প্রজন্মের ইন্টারনেট নেটওয়ার্ক বা ৫জি উন্নয়নে জার্মানি ও যুক্তরাজ্যের গবেষকেরা একসঙ্গে কাজ করবেন। ৫জি নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হলে এক সেকেন্ডে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি ডাউনলোড করা সম্ভব হবে। জার্মানির ড্রেসডেন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের কিংস কলেজ বিশ্ববিদ্যালয় ও সারে বিশ্ববিদ্যালয় একত্রে ৫জি উন্নয়নে কাজ করবে।


সবকিছুতেই ইন্টারনেট

এবারের সিবিট মেলায় সবকিছুতেই ইন্টারনেট বা ইন্টারনেট অব থিংস প্রতিষ্ঠার ক্ষেত্রেও যৌথ উদ্যোগের কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন। তিনি বলেন, ‘আমরা নতুন শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে এবং আমি আশা করি জার্মানি ও যুক্তরাজ্য এটার নেতৃত্ব দেবে। গবেষণাসংক্রান্ত কাজে ১২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণাও দেন ক্যামেরন।