ইন্টারনেটে গোপনীয়তা রক্ষা করবে ‘ওয়ান ক্লিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় একটি নতুন প্রস্তাব এনেছে হোয়াইট হাউস। একজন ব্যবহারকারী যাতে খুব সহজেই নিজের গোপনীয়তা রক্ষা করতে পারেন, সে জন্য ‘ওয়ান ক্লিক’ পদ্ধতি চালু করার চেষ্টা চলছে। সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা যেসব বিষয় ইন্টারনেটে খোঁজ করে কিংবা যেসব বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে সেগুলো অনেক সার্চ ইঞ্জিন গোপনে সংরক্ষণ করে। দেখা গেছে, গুগলে গাড়ি কেনার জন্য কিছু সাইট ভিজিট করলে পরবর্তী সময়ে অন্য কোনো ওয়েবসাইটে গেলে দেখা যাবে সেখানে বিভিন্ন সব গাড়ির বিজ্ঞাপনের ব্যানার ঝুলছে। ব্যাপারটি অনেকে কাকতালীয় মনে করলেও আসলে এর পুরোটাই ইন্টারনেট প্রযুক্তির খেলা। যখন কোনো বিষয় কোনো সার্চ ইঞ্জিনে খোঁজেন, তখন সেই সার্চ ইঞ্জিন পছন্দের বিষয়গুলোকে জমা করে। তারপর সেই অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন হয় অন্যান্য ওয়েবসাইটে। অনেকেই মনে করেন, সার্চ ইঞ্জিন গুগল কিংবা ফেসবুকের মতো সাইটগুলো এভাবেই ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়গুলো জমা করছে। আসলে ব্যবহারকারীর অগোচরেই এমনটা করা হয়। হোয়াইট হাউসের পরিকল্পনা হচ্ছে, ইন্টারনেট ব্রাউজারে একটি অপশন যোগ করা হবে। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী এক ক্লিকেই জানাতে পারবেন, তাঁর পছন্দ-অপছন্দের বিষয় সার্চ ইঞ্জিন বা অন্য কোনো সাইট জমা রাখতে পারবে কি না। তিনি যদি তা না চান, তবে সেই তথ্য কোনোভাবেই আর ব্যবহার করা যাবে না। গুগল, ইয়াহু, মাইক্রোসফট এবং এওএলের মতো সাইটগুলো হোয়াইট হাউসের এ পরিকল্পনায় সম্মতি জানিয়েছে। তা ছাড়া ইন্টারনেট ব্যবহারকারীরা যাতে কোনো ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে প্রকাশের পর সেটি সংশোধন করতে পারেন সে বিষয়টিও নিশ্চিত করবে হোয়াইট হাউস। —এএফপি অবলম্বনে প্রদীপ সাহা