ইন্টারনেটে থাকবে সাহায্য প্রকল্পের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির উদ্যোগে বাংলাদেশসহ তিনটি দেশে চলছে ইন্টারন্যাশনাল এইড ট্রান্সফারেন্সি ইনিশিয়েটিভের (আইএটিআই) পাইলট প্রকল্প। বাংলাদেশ ছাড়া অন্য দুটি দেশ হচ্ছে জাম্বিয়া ও ঘানা। মূলত বিভিন্ন সহযোগী দেশের সাহায্য ও সহযোগিতাবিষয়ক আর্থিক তথ্য, বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি এ প্রকল্পের মাধ্যমে নিশ্চিত করার কাজ করা হয়। ২৪টির মতো সহযোগী দেশ এবং ২৮০টি আন্তর্জাতিক সংস্থা আইএটিআইয়ের নির্ধারিত মান অনুযায়ী বিভিন্ন কার্যক্রমের তথ্যগুলো মুক্ত করে দিয়েছে, যাতে জনগণ সহজে সেসব পেতে পারে। এ উদ্যোগের সঙ্গে আছে বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউএসএআইডি, হিউলেট ফাউন্ডেশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, জার্মানি, যুক্তরাজ্য, সুইডেনসহ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান।
পাইলট প্রকল্পের নানা বিষয় দেখতে বাংলাদেশে এসেছেন ইউএসএআইডির পরামর্শক ক্লাউডি সোয়েগম্যান ও সিয়োভান গ্রিন। ক্লাউডি ওপেন এইড (www.openaid.de) উদ্যোগের প্রতিষ্ঠাতা এবং ওপেন নলেজ জার্মানির পরিচালনা পর্ষদের সদস্য। গত রোববার সন্ধ্যায় ক্লাউডি প্রথম আলোকে জানান, ‘মূলত বিভিন্ন দাতাদেশ এবং সংস্থার সাহায্য ও সহযোগিতার বিস্তারিত তথ্য যাতে সহজে ইন্টারনেটে পাওয়া যায় সে কাজটিই করে থাকে আইএটিআই।’ এর ফলে সব পক্ষের স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টিও নিশ্চিত হয় বলেও উল্লেখ করেন তিনি। আর এ তথ্যগুলো ওপেন ডেটা হিসেবে প্রকাশিত হয় বলে জানালেন সনজারা ইনকরপোরেশনের প্রধান নির্বাহী সিয়োভান গ্রিন। পাইলট প্রকলল্পের অংশ হিসেবে বাংলাদেশেও বিশেষ ওয়েবসাইট চালু হবে, যেখানে এ তথ্যগুলো থাকবে বলে জানান তিনি। এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে চালু হওয়া ডি পোর্টাল (www.d-portal.org) ওয়েবসাইটে আইএটিআইর তথ্য হিসেবে জানা যাবে বর্তমানে বিভিন্ন দাতা সংস্থা ও দেশ থেকে সহযোগিতার মাধ্যমে কতগুলো প্রকল্প চালু আছে, শেষ হয়েছে কতগুলো ইত্যাদি। —নুরুন্নবী চৌধুরী