ইন্টারনেটে বাংলাদেশের আলোকচিত্র সমৃদ্ধ করার দাবি
ইন্টারনেটে বাংলাদেশ লিখে সার্চ দিলে যেসব ছবি পাওয়া যায়, তা বাংলাদেশের সৌন্দর্যকে তুলে ধরে না। এ জন্য ইন্টারনেটে বাংলাদেশের সৌন্দর্য এবং ইতিবাচক দিকগুলোর ছবি বেশি বেশি করে ইন্টারনেটের বিভিন্ন সাইটে রাখতে হবে। যেন যে কেউ বাংলাদেশের সত্যিকারের ছবি দেখতে পায়। গত শনিবার বিকেলে রাজধানীর দৃক গ্যালারিতে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে আলোকচিত্রীরা এ দাবি জানিয়েছেন। খবর বিজ্ঞপ্তির।বাংলাদেশ নিয়ে ‘জুম আলট্রা ফটোবাজ’ প্র্রতিযোগিতার অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করে বিজ্ঞাপনী সংস্থা ‘ক্রিয়েটো’। ফেসবুকের মাধ্যমে আয়োজিত প্রতিযোগিতায় প্রায় পাঁচ হাজার প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীরা নিজেদের তোলা পছন্দের ছবিগুলো ক্রিয়েটোর ফেসবুক পাতায় প্রকাশ করেছেন। এরপর ছবিগুলোতে ফেসবুক ব্যবহারকারীদের দেওয়া ‘লাইক’-এর সংখ্যা ও বিচারকদের নম্বরের ভিত্তিতে ১৫ জন বিজয়ী নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, সাব্বির ফেরদৌস, বিজ্ঞাপন নির্মাতা গাজী শুভ্র ও ক্রিয়েটোর প্রধান নির্বাহী রাশীদ খান। প্রদর্শনীতে প্রতিযোগীদের ৫০টি ছবি স্থান পেয়েছে।