ইন্টারনেটে বিচারব্যবস্থার অবমাননা হচ্ছে!
ইংল্যান্ড ও ওয়েলসের শীর্ষ বিচারক (লর্ড চিফ জাস্টিস) বলেছেন, ইন্টারনেটে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো যদি বিচারব্যবস্থাকে ক্রমাগত অবমাননা করতে থাকে, তাহলে বিচারব্যবস্থা বেশি দিন টিকবে না। একসময় এটার মৃত্যু হবে। সম্প্রতি দেওয়া এক ভাষণে ওই বিচারক এ মন্তব্য করেন। লর্ড চিফ জাস্টিস বলেন, জুরির সদস্যদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বেড়েছে। এঁদের অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করছেন। এর প্রভাব পড়ছে বিচারব্যবস্থায়। শীর্ষ বিচারক বলেন, ‘আমি জানতে পেরেছি, কিছু বিচারক একটি ধর্ষণ মামলার গবেষণার জন্য ইন্টারনেট ব্যবহার করেছেন। এ ছাড়া চলতি বছরের গোড়ার দিকে ম্যানচেস্টারের একজন বিচারক তাঁর বিচার কার্যক্রমের বিস্তারিত বিবরণ ফেসবুকে দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিচারব্যবস্থার অবমাননা হচ্ছে। এতে করে বিচার কার্যক্রম নিরপেক্ষতা হারাচ্ছে। বিচারকদের অবশ্যই এ ধরনের অপতৎপরতা বন্ধ করতে হবে। কোন মামলার কী রায় ঘোষণা করা হবে, তা কখনোই আগেভাগে জনগণকে জানানো উচিত নয়। এটা বিচার কার্যক্রমের নীতিমালার পরিপন্থী।’ লর্ড চিফ জাস্টিস আরও বলেন, অনেক বিচারক আদালতকক্ষ থেকে মুঠোফোনে এসএমএস পাঠান। এগুলো অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তা না হলে বিচারব্যবস্থা বলে আর কিছু থাকবে না। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান