কম্পিউটার প্রতিদিন : বিসিএস, বেসিস ও আইএসপিএবির বাজেট প্রতিক্রিয়া
ইন্টারনেটে মূসক অব্যাহত রাখা অপ্রত্যাশিত
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে ইন্টারনেটের ওপর ভ্যাট আরোপ করা অপ্রত্যাশিত। যেখানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলছেন ইন্টারনেট হচ্ছে ষষ্ঠ মৌলিক চাহিদা সেখানে মূসক অব্যাহত রাখার বিষয়টি দেশের তথ্যপ্রযুক্তির বিকাশে অন্তরায়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের তিন সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) নেতারা এসব কথা বলেন।
বাজেট নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আইএসপিএবি সভাপতি এম এ হাকিম বলেন, ‘এবারের বাজেটে আইএসপিএবির প্রস্তাব উপেক্ষিত হয়েছে। কম্পিউটার, নেটওয়ার্ক যন্ত্রপাতি ও ফাইবার অপটিক কেব্লের দাম কমানো ছাড়া অন্যগুলো বিবেচনা করা হয়নি। মোবাইল ফোনে সব খরচের ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ ইন্টারনেট ব্যবহারকারীদের নিরুৎসাহিত করবে।’
বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, ‘আমদানি পর্যায়ে উৎসকর ও মূসকের হার কমানোর প্রস্তাব বিবেচনা করা হয়নি। কেবল মাল্টিফাংশনাল প্রিন্টারে ৫ এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে ১৫ শতাংশ আমদানি শুল্ক কমানো হয়েছে। অথচ মাল্টিফাংশনাল প্রিন্টারের কাট্রিজ বা টোনার, এইচডিএমআই ডিভিআইযুক্ত মনিটর, ডিজিটাল শিক্ষা উপকরণ, ইন্টারনেট সংযোগের জন্য নেটওয়ার্কিং যন্ত্র ইত্যাদি পণ্যে অতিরিক্ত করের চাপ রয়েই গেছে। আসলে বাজেটে হার্ডওয়্যার খাত ও তথ্যপ্রযুক্তি অবকাঠামো উন্নয়নের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। অথচ হার্ডওয়্যার ও আইটি অবকাঠামো ছাড়া তথ্যপ্রযুক্তির উন্নয়ন অসম্ভব। কিন্তু লক্ষ করেছি, হার্ডওয়্যার শিল্পকে বাইরে রেখেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসেবা খাতে প্রণোদনা দেওয়া হয়েছে।’
বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ‘দেশের সম্ভাবনাময় ই-কমার্স খাতের ওপর ৪ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এতে ই-কমার্স খাতের বিকাশ বাধাগ্রস্ত হবে। তাই আশা করি, চূড়ান্ত বাজেটে এই বিষয়টিসহ আমাদের সম্মিলিত প্রস্তাবগুলো বিবেচনা করা হবে।’
রাহিতুল ইসলাম