ইন্টারনেটে যুক্ত যন্ত্র নিরাপত্তাঝুঁকি বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শো (সিইএস) ২০১৫-এর মূল প্রতিপাদ্য ছিল ইন্টারনেটে যুক্ত যন্ত্র বা ইন্টারনেট অব থিংস (আইওটি)। আসন্ন বছরগুলোতে প্রযুক্তি যে এই পথেই হাঁটবে, তাতে কোনো সন্দেহ নেই। দৈনন্দিন কাজে ব্যবহার্য সব যন্ত্রকে ইন্টারনেটে যুক্ত করে যেকোনো স্থান থেকে সহজে নিয়ন্ত্রণ করাই এই প্রযুক্তির সুফল। তবে এবার গবেষকেরা শোনালেন কিছুটা ভিন্ন কথা। এই যন্ত্রগুলো কতটুকু নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের ভাষ্য, যন্ত্র এবং সার্ভারের মাঝে ইন্টারনেট সংযোগ হ্যাক করে যে কেউ আপনার বাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, নিদেনপক্ষে আপনি কখন বাড়িতে থাকছেন আর কখন নেই, তা জেনে যেতে পারে।
বেবি মনিটর এদিক থেকে সবচেয়ে ঝুঁকির মধ্যে। আপনার শিশুটিকে হয়তো ঘুম পাড়িয়ে রেখেছেন, ক্যামেরার মাধ্যমে সারাক্ষণ শিশুটিকে পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন আপনি। কখন জেগে উঠছে, কিংবা ক্ষতিকর কিছু করছে কি না তা অন্য ঘর, এমনকি অফিস থেকেও দেখতে পারবেন। যন্ত্রটি মূলত কম্পিউটারের ভূমিকা পালন করে। প্রথমে ভিডিও চিত্র ধারণ করে তা ইন্টারনেট সংযোগের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিচ্ছে। তবে এই যন্ত্রগুলোর নিরাপত্তা ত্রুটি এতটাই বেশি যে সহজেই হ্যাক করা সম্ভব। সাইবার নিরাপত্তাদাতা প্রতিষ্ঠান র্যাপিড সেভেনের অনুসন্ধানে দেখা গেছে, ১০টির মাঝে ৭টি যন্ত্রেই নিরাপত্তার বালাই নেই। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নিরাপত্তা পরামর্শদাতা মার্ক স্ট্যানিসলাভ বলেন, ‘ইন্টারনেটে যুক্ত যন্ত্র প্রস্তুতকারীদের উচিত নিরাপত্তার ন্যূনতম মান নিয়ন্ত্রণ করে চলা। তবে খুব শিগগির এমনটা হবে বলে মনে হচ্ছে না।’
ইন্টারনেটে যুক্ত ক্যামেরা একবার স্থাপনের পর নষ্ট না হওয়া পর্যন্ত সাধারণত আর খোঁজখবর রাখা হয় না। হ্যাকাররা যদি নিয়ন্ত্রণ পেয়ে যায়, তবে আপনি তা টেরও পাবেন না। কেউ হয়তো সারাক্ষণ আপনার ওপর নজর রাখছে, আপনি জানেনও না। শুধু ক্যামেরা না, যেকোনো আইওটি যন্ত্রই আপনাকে এ ধরনের ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে। তবে যন্ত্রগুলো মাঝেমধ্যে পরীক্ষা করে দেখা, সফটওয়্যারটি সর্বশেষ সংস্করণে হালনাগাদ করা এবং কাজে না লাগলে সেগুলো বন্ধ রাখলে ঝুঁকি অনেকটাই কমানো যায়।
সিনেট অবলম্বনে মেহেদী হাসান