প্রতিদিনের কাজকে আরেকটু সহজ করতে সব যন্ত্রপাতিকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে, যাকে বলা হচ্ছে ইন্টারনেট অব থিংস (আইওটি)। তবে নতুন প্রযুক্তি মানুষের এতটা কাছে চলে এসেছে যে আমাদের শারীরিক বা মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে দেখছে প্রযুক্তিপণ্য, আমাদের প্রতিটা পদক্ষেপে সঙ্গে থাকছে স্মার্ট যন্ত্র। আর তাই আইওটিকে একটু বদলে নিয়ে প্রযুক্তির এই নতুন ধারাকে অনেকে বলছেন ‘ইন্টারনেট অব মি’। আর এটাই ইলেকট্রনিকস পণ্যের সবচেয়ে বড় প্রদর্শনী ‘ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০১৫’-এর মূলমন্ত্র। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএসের ৪৭তম আসরের পর্দা উঠেছে গতকাল মঙ্গলবার। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।
গোটা দুনিয়া থেকে আসা প্রায় তিন হাজার ৬০০ প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক প্রযুক্তিপণ্যের চমক দেখাচ্ছে এই প্রদর্শনীতে। এই প্রদর্শনীতে এক লাখ ৬০ হাজার মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। ইন্টারনেট অব থিংস, বড় পর্দার আল্ট্রা হাই-ডেফিনেশন টিভি, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে লাগানোর মতো ড্রোন, রোবট বিজ্ঞান এবং অটোমোটিভ প্রযুক্তিতে নতুন সংযোজন সিইএসের প্রধান আকর্ষণ।
ওযোবোট বিট নামের মাত্র এক ঘন ইঞ্চির খুদে এক রোবট ছোটদের শেখাবে প্রোগ্রামিং। পরিধেয় কাপড়, যানবাহন, বৈদ্যুতিক বাল্ব, ব্যবহার্য যেকোনো সামগ্রী ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে তা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে সেই তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করে কাজে লাগানোই প্রোগ্রামারদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন মেলার আয়োজক কনজ্যুমার ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের প্রধান অর্থনীতিবিদ শন ডুব্রাভাক। তিনি বলেন, প্রযুক্তি কী করতে পারে সেটা মুখ্য নয় বরং মানুষের উপকারে প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায় সেটাই গুরুত্বপূর্ণ। কম্পিউটার এবং মোবাইল ফোনের পরিধেয় প্রযুক্তিতে ইন্টারনেট এখন তৃতীয় পর্যায়ে বলে উল্লেখ করেন ডুব্রাভাক।
সনি এনেছে স্মার্টফোনের চেয়ে পাতলা মাত্র দশমিক ২ ইঞ্চি পুরু টেলিভিশন। নিজে নিজেই চলতে পারে এমন গাড়ি ধারণা প্রকাশ করেছে বিএমডব্লিউ, অডি, মার্সিডিজ বেঞ্জ, ফোর্ড এবং জেনারেল মোটরসের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো। হাতের নাগালে আনতে কম খরচের স্মার্ট যন্ত্রও বাজারে ছাড়ছে অনেক প্রতিষ্ঠান। —এএফপি