ডিজিটাল বাংলাদেশের ঘোষণা অনুযায়ী তিন বছরে যা হওয়া উচিত ছিল তা হয়নি। দেখা যাচ্ছে, তথ্যপ্রযুক্তিবিষয়ক নানা ধরনের আইন আছে, তবে এর তদারকি নেই। ইন্টারনেট বিষয়টিকে সাংবিধানিক অধিকারের মতো করা উচিত এবং ইন্টারনেট ও ইন্টারনেট সংশ্লিষ্ট পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা উচিত। গতকাল মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘ইন্টারনেটের ওপর সব শুল্ক প্রত্যাহারের পাশাপাশি সবাইকে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া উচিত। পাশাপাশি টেলিকমের যে আইন রয়েছে প্রয়োজনে সে আইনটি রিভিউ করা উচিত।’ আলোচনা সভায় বক্তব্য দেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজ উল্যাহ খান, দোহাটেক লিমিটেডের প্রধান নির্বাহী এ কে এম শামছুদ্দোহা, এখনই ডট কমের প্রধান নির্বাহী শামীম আহসানসহ অনেকে। সভা সঞ্চালনা করেন আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের পরিচালক রেজা সেলিম। বক্তারা বলেন, ব্রডব্যান্ড নীতিমালায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের অন্যতম একটি হচ্ছে ২০১৫ সালের মধ্যে শতকরা ৪০ ভাগ ঘরে উচ্চগতির ইন্টারনেট থাকবে। এটা বাস্তবায়ন আমাদের দেশের জন্য বেশ উপকারি হবে। ইন্টারনেটের সহজলভ্যতা আমাদের অনেক এগিয়ে নিয়ে যাবে। এ ছাড়া ডটকম ডটবিডি (.com.bd) ডোমেইন কীভাবে আরও সহজে পাওয়া যায় সে ব্যাপারে নজর দেওয়ার প্রতি আহ্বান জানানো হয়। এর নিয়ন্ত্রণ মন্ত্রণালয় কিংবা বিটিআরসি যেকোনো একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা উচিত বলেও সভায় অভিমত প্রকাশ করা হয়। এর পাশাপাশি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের দক্ষতা আরও বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভায় ইন্টারনেট গভর্নেন্স ফর সাস্টেইনেবল হিউম্যান, ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন অব ডব্লিউএসআইএস আউটকাম এবং ব্রডব্যান্ড টার্গেটস ফর ২০১৫ বিষয়ে প্রবন্ধ পড়া হয়। পরে এসব প্রবন্ধের বিভিন্ন বিষয় সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ইউএন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, ইউএনডব্লিউএসআইএস ফোরামে তুলে ধরা হবে। এ আয়োজনে সহযোগিতায় ছিল তথ্যপ্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন কমপিউটার জগৎ ও বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন। —নুরুন্নবী চৌধুরী