ইন্টারনেটের খরচ কমাতে কাজ করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার কাজে সরকার অনেক দূর এগিয়েছে। সরকার ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য সাবমেরিন কেব্ল শক্তিশালী করা, দ্বিতীয় সাবমেরিন কেব্ল স্থাপনের কাজ করছে। পাশাপাশি ইন্টারনেটের ব্যবহারের খরচ কমিয়ে আনার কাজও করছে সরকার। গত সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার সমিতির সদ্য সমাপ্ত মেলা বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১১-এর সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এসব কথা বলেন।এ বছর বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতে বিশেষ অবদান রাখার জন্য ফ্লোরা লিমিটেডের চেয়ারম্যান এম এন ইসলামকে বিসিএস স্বর্ণপদক-২০১১ দেওয়া হয়। বিসিএসের ঘোষণা অনুযায়ী প্রতিবছর একজনকে এই বিভাগে স্বর্ণপদক দেওয়া হবে। সমাপনী অনুষ্ঠানে বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রতিষ্ঠার পর থেকে দেশের তথ্যপ্রযুক্তির বিকাশে বিসিএস অনেক ইতিবাচক ভূমিকা পালন করেছে। মেলায় সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে সোর্স এজ লিমিটেড। সেরা স্টল হয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। অনুষ্ঠানে মেলার সংবাদমাধ্যম অংশীদার এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খানকে বিশেষসম্মাননা জানানো হয়। এছাড়া তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে তাইওয়ান ট্রেড সেন্টার বাংলাদেশের পরিচালক উডি ওয়াং, বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১১-এর আহ্বায়ক কাজী আশরাফুল আলম বক্তৃতা করেন। এরপর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।এতে সংগীত পরিবেশন করেন ন্যান্সি।‘ডিজিটাল শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের ভিত্তি’ এই স্লোগান নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১ থেকে ২৫ নভেম্বর বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১১ অনুষ্ঠিত হয়। — মোছাব্বের হোসেন