ইন্টারনেটের জন্য নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ‘নেট নিউট্রালিটি’ নামে একটি বিলের ওপর ভোটাভুটি করবে। এর মাধ্যমে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ও ই-মেইলের মাধ্যমে তথ্য আদান-প্রদান অর্থাৎ ইন্টারনেট ট্রাফিকের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হবে। এ ক্ষেত্রে সব ওয়েবসাইটের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হবে। কর্মকর্তারা জানিয়েছেন, এফসিসি এই প্রথমবারের মতো এমন উদ্যোগ নিল। ওয়েবসাইট চালানোর ক্ষেত্রে এসব নীতিমালা অবশ্যই মানতে হবে।ইন্টারনেট নিয়ন্ত্রণের বিদ্যমান নীতিমালা নানা কারণেই সমালোচিত ছিল। অনেক ওয়েবসাইট অভিযোগ করেছে, বিদ্যমান নীতিমালায় সব ওয়েবসাইটের জন্য সমান ট্রাফিক-ব্যবস্থা নেই। ফলে অনেক ওয়েবসাইট তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রাহকদের দিতে পারছে না। এমন এক সময়ে এই বিলের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে, যখন লোকজন স্মার্ট ফোনের মাধ্যমে ওয়েবে ঢুকছে এবং ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশন দেখছে। নতুন নীতিমালা প্রণীত হলে ইন্টারনেট আরও বেশি উন্মুক্ত হবে এবং ওয়েবসাইটগুলোর কর্তৃপক্ষ ও গ্রাহক সবাই উপকৃত হবে বলে ইন্টারনেট বিশেষজ্ঞরা মনে করছেন। তবে সার্চ ইঞ্জিন গুগলসহ অনেক ওয়েবসাইট মনে করছে, এতে উপকারের চেয়ে অপকারই হবে বেশি। কারণ, সব ওয়েবসাইটের কার্যক্রম এক নয়। নতুন নীতিমালায় অনেক ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হতে পারে। —রোকেয়া রহমান