ইন্টারনেটের ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের শেষের দিকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত। আর ২০১৮ সালের মধ্যে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গিয়ে দাঁড়াবে ৫০ কোটি। গত মঙ্গলবার এফআইসিসিআই লেডিস অর্গানাইজেশনের ডিজিটাল ইন্ডিয়ায় বক্তৃতা করার সময় এ কথা বলেছেন গুগল ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক রঞ্জন আনন্দন।
রঞ্জন বলেন, ২০১৮ সালের শেষে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হবে যুক্তরাষ্ট্রে দ্বিগুণ। তিনি বলেছেন, প্রতিমাসে ভারতে ৫০ লাখ করে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। অনলাইন কেনাকাটার সুবিধা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে সাহায্য করছে।
ইন্টারনেট লাইভস্ট্যাটস ডট কমের ২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২৪ কোটির বেশি। গত এক বছরে দেশটিতে ১৪ শতাংশ ব্যবহারকারী বেড়েছে। যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৮ কোটি। সেখানে ব্যবহারকারীর সংখ্যা বাড়ার হার ৭ শতাংশ। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে তালিকার শীর্ষে আছে চীন। দেশটিতে এ সংখ্যা ৬৪ কোটির বেশি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান।