ইন্টারনেটের স্বাধীনতায় কিছুটা পেছাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটে স্বাধীনতায় বাংলাদেশ আংশিক স্বাধীন। ছবি: ফ্রিডম হাউসের সৌজন্যে।
ইন্টারনেটে স্বাধীনতায় বাংলাদেশ আংশিক স্বাধীন। ছবি: ফ্রিডম হাউসের সৌজন্যে।

বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার বাড়লেও এ বছর ইন্টারনেটের স্বাধীনতার ক্ষেত্রে কিছুটা পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি পর্যবেক্ষক সংগঠন ফ্রিডম হাউসের বার্ষিক জরিপ প্রতিবেদন ‘ফ্রিডম অব দ্য নেট ২০১৫’-এ ওই তথ্য প্রকাশ করা হয়েছে। গতকাল ২৯ অক্টোবর এ প্রতিবেদন

প্রকাশিত হয়।
ব্যবহারকারীরা কতটা স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারেন—এ নিয়ে ‘ফ্রিডম হাউস’ ৬৫টি দেশ নিয়ে গবেষণা চালায়। এর আগে ২০১৩ সালে বিশ্বের ৬০ দেশ নিয়ে গবেষণা করে ফ্রিডম হাউস। গবেষণার ফল অনুযায়ী, ওই সময় ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতার দিক থেকে বাংলাদেশ এক শর মধ্যে ৪৯ নম্বর পেয়েছিল। এই ফল অনুযায়ী ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বাংলাদেশের ব্যবহারকারীরা ‘আংশিক স্বাধীন’ ছিল। ২০১৪ সালেও বাংলাদেশের অবস্থান একই ছিল। এবার সে অবস্থান থেকে কিছুটা পিছিয়েছে বাংলাদেশ। তবে এখনো ‘আংশিক স্বাধীন’ অবস্থানই রয়েছে বাংলাদেশের।
এবার ওয়েবসাইটে প্রবেশের বাধার ক্ষেত্রে ১২, কোনো লেখায় বাধার ক্ষেত্রে ১২ ও ইন্টারনেট ব্যবহারকারীর অধিকার আটকানোর ক্ষেত্রে ২৭ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এক শর মধ্যে পয়েন্ট যত কম হবে, সেই দেশটি ইন্টারনেট স্বাধীনতার দিক থেকে তত উদার। পয়েন্টের দিক থেকে শূন্য থেকে ৩০ হলে, সে দেশটি ইন্টারনেটের ক্ষেত্রে স্বাধীন হিসেবে ধরা হয়েছে। পয়েন্ট ৩১ থেকে ৬০ হলে, সে দেশটিকে আংশিক স্বাধীন বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
বাংলাদেশের ক্ষেত্রে জনসংখ্যা দেখানো হয়েছে ১৫ কোটি ৮৫ লাখ। ইন্টারনেট ব্যবহারের হার দেখানো হয়েছে ১০ শতাংশ। ২০১৪ সালের জুন মাস থেকে এ বছরের মে মাস পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ব্লগার হত্যা, আইসিটি আইনে একজনের সাত বছরের কারাদণ্ড, বিটিআরসি কর্তৃক মেসেজিং অ্যাপ্লিকেশন বন্ধ, সিটি করপোরেশন নির্বাচনের আগে অনলাইন প্ল্যাটফর্মের বিষয়টিকে উল্লেখ করা হয়েছে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেটের প্রসার বাড়লেও বিশ্বজুড়ে এর ব্যবহারে মানুষের স্বাধীনতা টানা পাঁচ বছর ধরে কমেছে। অনলাইনে নজরদারি করে—এমন দেশের সংখ্যা বেড়েছে। এতে বলা হয়, ব্লগ বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত প্রকাশকারী ব্যক্তিদের ওপর সরকারি দমন-পীড়ন বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইন্টারনেট স্বাধীনতা পরিস্থিতির অবনতি বিশেষভাবে নজরে পড়ে। ২০১৪ সালের জুন থেকে এ পর্যন্ত মোট ৬৫টি দেশের মধ্যে ৩২টি দেশে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা কমেছে। এদের মধ্যে লিবিয়া, ফ্রান্স ও ইউক্রেনের অবনতি ‘বিশেষভাবে উল্লেখযোগ্য’।
ফ্রিডম হাউসের গবেষকেরা বলেন, বিশ্বের ৬১ শতাংশ মানুষ এমন সব দেশে বাস করে, যেখানে সরকার, সামরিক বাহিনী বা ক্ষমতাসীন ব্যক্তির পরিবারের সমালোচনার ওপর নিয়ন্ত্রণ রয়েছে। আর ৫৮ শতাংশ মানুষ এমন দেশে বাস করে, যেখানে অনলাইনে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিষয়ে মতামত জানিয়ে কারাবন্দী হতে হয়। গুগল, ফেসবুক ও টুইটারে প্রকাশিত নানা তথ্য সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকার সেখানকার ব্যক্তি ও বেসরকারি খাতগুলোর ওপর চাপ বাড়াচ্ছে।
আরও পড়ুন: