ইন্টেলভিত্তিক নতুন স্মার্টফোন বাজারে
বিশ্বখ্যাত প্রসেসর নির্মাতা ইন্টেলের সিঙ্গেল কোর অ্যাটম প্রসেসরচালিত স্মার্টফোন বাজারে এসেছে। গুগলের তৈরি মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে চলা এ ফোনটি বাজারে নিয়ে এসেছে চায়নাভিত্তিক প্রতিষ্ঠান গিগাবাইট। তবে ফোনটি বাজারজাতকরণের কাজ করছে অরেঞ্জ। ৬ জুন থেকে ফোনটি যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে। এ ছাড়া পরে অন্যান্য বাজারেও পাওয়া যাবে নতুন এ স্মার্টফোনটি। ইন্টেলের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের কান্ট্রি ম্যানেজার গ্রাহাম পালমার বলেন, ‘উন্নত বৈশিষ্ট্য সুবিধাযুক্ত স্মার্টফোন তৈরির ক্ষেত্রে খরচের বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। বিভিন্ন বাজার হিসেবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং আমাদের প্রযুক্তি সুবিধা নতুন ক্ষেত্রের সঙ্গে যুক্ত করার চেষ্টা সব সময়ই আছে। এ ছাড়া অ্যাটম প্রসেসরচালিত আরও নানা সুবিধার নতুন ফোন তৈরিতে গুগলের সঙ্গে কাজ চলছে বলেও জানান তিনি। নতুন ৪.০৩ ইঞ্চি পর্দার ফোনটি বাজারে জায়গা করে নিতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। পিসিসংশ্লিষ্ট কাজের পাশাপাশি মুঠোফোন নিয়ে দীর্ঘ দিন ধরেই কাজ করার চেষ্টা করে যাচ্ছে ইন্টেল। নিজেদের উন্নত প্রসেসরচালিত প্রথম ফোনটি বাজারে এনে এ বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, উন্নত সুবিধা আর দ্রুতগতির নানা সুবিধা যুক্ত করে স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারবে ইন্টেল। তবে এ ক্ষেত্রে বাজারে থাকা স্মার্টফোনগুলোর চেয়ে কতটা আধুনিক এবং দারুণ সুবিধা যুক্ত করতে পারে ইন্টেল, সেটিই দেখার বিষয়। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম