ইন্টেলের চতুর্থ প্রজন্মের কোর প্রসেসর
বাজারে এসেছে ইন্টেলের চতুর্থ প্রজন্মের কোর প্রসেসর। ইন্টেল বাংলাদেশ পারসোনাল কম্পিউটিংয়ে নতুন অভিজ্ঞতা দিতে পারে, এমন চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর উন্মুক্ত করে। নতুন এ প্রসেসর ব্যবহারকারীদের নির্দিষ্ট চাহিদাগুলোকে মাথায় রেখে দিচ্ছে নতুন সব অভিজ্ঞতা, দীর্ঘ ব্যাটারি লাইফ, উন্নত গ্রাফিকস সুবিধা, টু-ইন-ওয়ান বৈশিষ্ট্য ইত্যাদি। এ ছাড়া ট্যাবলেটসহ অন্যান্য যন্ত্রে যুক্ত হয়েছে নিয়ন্ত্রণযোগ্য ইন্টেল ভিপ্রো বিজনেস ডিভাইস। গত শনিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে নতুন এ প্রসেসরের উদ্বোধন করেন ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর। এ সময় তিনি বলেন, ইন্টেলের নতুন এ প্রজন্মের কোর প্রসেসর উল্লেখযোগ্য ব্যাটারি লাইফ প্রদান করে, যা ইন্টেলের দারুণ এক অর্জন। এ প্রসেসর ব্যবহারের মাধ্যমে নতুন টু-ইন-ওয়ান কম্পিউটিং যন্ত্রগুলো নোটবুক পিসিগুলোর মধ্যে হয়ে উঠবে অনেক বেশি শক্তিশালী।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন ইন্টেল কোর প্রসেসর সক্রিয়, নিরাপদ এবং এর রয়েছে শক্তিশালী কার্যক্ষমতা; যা ব্যবহারকারীদের মোবাইল জীবনধারায় নতুনত্ব তৈরি করবে। ব্যবহারকারী এবং বাণিজ্যিক কাজের ওপর লক্ষ রেখে তৈরি কোর প্রসেসরভিত্তিক কোয়াড কোরের বিভিন্ন সংস্করণ এখন সহজলভ্য। এ ছাড়া টু-ইন-ওয়ান আল্ট্রাবুক, বহনযোগ্য অল ইন ওয়ান, প্রচলিত ডেস্কটপ ও ল্যাপটপ এবং চতুর্থ প্রজন্মের কোর ভি-প্রোভিত্তিক বাণিজ্যিক পণ্য চলতি বছরের শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে। —নিজস্ব প্রতিবেদক