ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের প্রসেসর বাংলাদেশে
বিশ্বের শীর্ষ প্রসেসর নির্মতা ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের কোর আই-৫ প্রসেসরের যাত্রা শুরু হলো বাংলাদেশে। গতকাল বুধবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে আধুনিক উন্নত প্রযুক্তির এই প্রসেসরের শুভ উদ্বোধন ঘোষণা করেন ইন্টেল দক্ষিণ এশিয়ার বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক রাজেশ গুপ্তা এবং বাংলাদেশে ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর। নতুন এই আই-৫ প্রসেসরের অন্যতম নতুন বৈশিষ্ট্য হলো এতে ইন্টেল এইচডি গ্রাফিক্স এবং ওয়্যারলেস ডিসপ্লে ২.০ রয়েছে। গেম খেলার কম্পিউটারের জন্য এ প্রসেসর বিশেষ কার্যকরি।শুধু তাই নয়, ল্যাপটপ থেকে সংযোগ নিয়ে টেলিভিশন পর্দায় এইচডি মোডে ভিডিও দেখার জন্য রয়েছে ১০৮০পি এইচডি। আরও রয়েছে ইন্টেল কুইক সিঙ্ক ভিডিও। আগে যেখানে চার মিনিটের একটি ভিডিও সম্পাদনা (এডিটিং) বা আদান-প্রদানে (শেয়ারিং) সময় লাগত চার মিনিট, নতুন আই-৫ কোর প্রসেসর সেটা করবে মাত্র ১৬ সেকেন্ডে। আই-৫ কোর প্রসেসরের বিশেষত্ব সম্পর্কে রাজেশ গুপ্তা বললেন, ‘দ্বিতীয় প্রজন্মের এই প্রসেসরের গ্রাফিক্স বিল্ট ইন ব্যবস্থাটি একদমই নতুন। আশা করছি, পারফরমেন্স ও অভিজ্ঞতার সমন্বয়ে এক নতুন যুগের অবতারণা করতে যাচ্ছে আমাদের আই-৫ কোর প্রসেসর।’ ইন্টেল বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর জানালেন, ‘২০১০ সালে ইন্টেল বাংলাদেশে চার লাখ পিসি বাজারজাত করেছে। আশা করি, অতি শিগগিরই বাংলাদেশের বাজারে নতুন আই-৫ কোর প্রসেসর-নির্ভর ডেস্কটপ ও ল্যাপটপ পাওয়া যাবে।’ —জাহাঙ্গীর আলম